গতকাল, রবিবার তৃণমূলে ফিরে গিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এরপরই দলের বিরুদ্ধে বেসুরো সুর বাজল বিজেপি নেতা অনুপম হাজরার (Anupam Hazra) গলায়। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খব উগড়ে দিলেন তিনি। অর্জুনের দলবদলের ফলে যে বঙ্গ বিজেপির (Bengal BJP) যথেষ্ট ক্ষতি হবে, এমনটাই দাবী তাঁর।
আজ, সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেন অনুপম। লেখেন, “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!! কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!! অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে”।
অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তি তো বেড়েছেই। তবুও অনেক নেতারই মতে, তাঁর এই ফিরে যাওয়া গেরুয়া শিবিরের উপর কোনও প্রভাব ফেলতে পারবে না না অর্জুনের দলবদলের ফলে বিজেপির কোনও ক্ষতি হবে না। এর আগে বাবুল সুপ্রিয় দল ছাড়ার পরও এমনই কথা শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের মুখে।
তবে দলের নেতৃত্বদের এই দাবী মানতে নারাজ অনুপম। তাঁর কথায়, অর্জুন সিং একজন দক্ষ সংগঠক। আর তিনি দল ছাড়ার জেরে সেই প্রভাব অবশ্যই বঙ্গ বিজেপির মধ্যে পড়বে। এর জেরে গেরুয়া শিবিরের ক্ষতি হবে বলেই দাবী অনুপমের।
বাবুল সুপ্রিয়, অর্জুন সিংয়ের পরও বঙ্গ বিজেপিতে ভাঙনের আশঙ্কা এখনও রয়েছে। আর এরই মধ্যে এমন বিস্ফোরক পোস্ট করলেন অনুপম হাজরা। দলের বিরুদ্দজে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কী তবে অনুপমের দলবদলের পালা?





