ফের শহরে অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্য, মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ, কটূক্তি, মারধরের অভিযোগ, পুলিশে অভিযোগ মহিলার

কলকাতা শহরে অ্যাপ ক্যাব নিয়ে অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। অতিরিক্ত ভাড়া নেওয়া, রাইড ক্যান্সেল করে দেওয়া, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার, এমন নানান অভিযোগ হামেশাই ওঠে অ্যাপ ক্যাব চালকদের বিরুদ্ধে। এবার এমনই এক ঘটনায় ফের নতুন করে শোরগোল পড়ে গেল শহরে।

কী ঘটেছে ঘটনাটি?

এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভব্য আচরণ এমনকি মারধরের অভিযোগ তুলেছেন এক মহিলা যাত্রী। ওই মহিলার জানান, গতকাল্ম শনিবার সন্ধ্যেয় দাদা ও ভাইপোর সঙ্গে এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। শিয়ালদহ থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেন তিনি। কিন্তু মহিলার অভিযোগ, ক্যাবে ওঠার পর থেকেই গাড়ির চালক তাঁকে কু-দৃষ্টিতে দেখতে শুরু করে।

মহিলার অভিযোগ, ওই ক্যাব চালক লুকিং গ্লাস দিয়ে তাঁর দিকে তাকিয়ে ছিল। চালকের এই আচরণের প্রতিবাদ করেন ওই মহিলার দাদা। এই নিয়ে বচসা বেঁধে যায় চালকের সঙ্গে। মহিলা জানান, ওই চালক হঠাৎই টাকি হাউস এলাকায় গাড়ি দাঁড় করিয়ে দেয়। গাড়ি থেকে নেমে মহিলার দাদাকে মারধর করে বলে অভিযোগ করেন মহিলা।   

ওই মহিলা যাত্রী এও অভিযোগ করেছেন যে তাঁর গায়েও হাত তোলে ওই চালক ও তার বন্ধুরা। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন। তখনই অভিযুক্ত ও তার বন্ধুরা গাড়ি করে পালিয়ে যায়। পালানোর সময় ওই ট্রাফিক পুলিশকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে বলেও অভিযোগ। 

এই ঘটনায় শনিবার রাতেই আমহার্স্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের খোঁজ চলছে। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির নম্বর ধরে চালকের খোঁজ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে প্রাথমিক ভাবে দু-পুক্ষের মধ্যে হাতাহাতি ও বচসার ছবি দেখা গিয়েছে। ওই মহিলা অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা কতটা যথার্থ, তাও জানার চেষ্টা করছে পুলিশ। এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles