বাংলায় নিরামিষ আন্দোলন করে রাজ্যবাসীর সমর্থন পাওয়া যায় না। পুলিশ যদি মারে তাহলে পুলিশকেও পাল্টা মারতে হবে, এমন হুঙ্কারই শানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
আজ, সোমবার পুরভোটে সন্ত্রাসের বিরুদ্ধে ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল বিজেপি। সেই বনধকে সফল করতে পথে নেমেই একথা বলতে শোনা গেল অর্জুন সিংকে। তবে অভিযোগ উঠেছে, অর্জুনের এই হুঙ্কারে কোথাও কী অনুব্রতর হুঙ্কারের অনুরণন শোনা গেল না? কারণ তিনিও তো একসময় পুলিশ পেটানোর নিদানই দিয়েছিলেন।
এদিন দলের কর্মীদের অর্জুন সিং বলেন, “নিরামিষ আন্দোলন বাংলায় চলবে না। পুলিশ মারলে পালটা মারতে হবে। বাংলায় যে দল আন্দোলন করে তারাই টিকে থাকে। বাংলার মানুষ আন্দোলনকারীদের পাশে থাকে”।
তাঁর এই হুঙ্কার অনুব্রতর দ্বারা অনুপ্রাণিত, তা মেনে নেন নি ব্যারাকপুরের সাংসদ। তাঁর কথায়, “অনুব্রত বলেছিলেন, বুথ দখল করতে পুলিশ বাধা দিলে তাদের মারবো। আমি সে কথা বলিনি। পুলিশ আমাকে আক্রমণ করলে আমার আত্মরক্ষার অধিকার রয়েছে। পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে, জেলে ভরতে পারে। কিন্তু লাঠিপেটা করতে পারে না”।
এই বিষয়ে আবার পালটা অনুব্রত মণ্ডল বলেন, “অর্জুন একটা পাগল ছেলে। ফালতু লোক। ওর কথা কেউ শোনে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে”।





