আচমকাই বুকে ব্যাথা, হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়

রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হাসপাতালে করা হল। বুকে ব্যাথার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় বাবুলকে। হাসপাতালের তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে।

সূত্রের খবর, গতকাল, রবিবার থেকেই বুকে ব্যাথা অনুভব করছিলেন বাবুল সুপ্রিয়। একইসঙ্গে ঘন ঘন বেশ ঘামছিলেনও তিনি। পরিবারের লোকজন তাই সময় ব্যয় না করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশয়ান সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে বাবুল সুপ্রিয়র।

হাসপাতালের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানা গিয়েছে যে বাবুলের ইসিজিতে সামান্য বদল নজরে এসেছে। তবে ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক রয়েছে তাঁর। হাসপাতালে আসার পর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গেই তা করানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বাবুল সুপ্রিয়। প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্রই দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকরা মনে করলে এদিনই তাঁকে ছেড়ে দিতে পারেন।

বলে রাখি, কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে বাবুল সুপ্রিয়র কনভয়। বীরভূমের রামপুরহাট অনুষ্ঠান করতে যাওয়ার সময় তাঁর কনভয়ে থাকা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি অটোর। তাঁর নিরাপত্তারক্ষীরা আহত হন এই দুর্ঘটনায়। বাবুল সুপ্রিয়র অবশ্য কিছু হয়নি সেই দুর্ঘটনায়।

RELATED Articles