মাত্র দু’দিন আগেই বিজেপির (BJP) রাজ্য কমিটির সাধারণ ও আমন্ত্রিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। কিন্তু সেখানে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baisakhi Bandopadhyay) নাম ছিল না।
এবার হঠাৎই শোনা যাচ্ছে শোভনের পর বিজেপির রাজ্য কমিটিতে জায়গাা পেতে চলেছেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানাচ্ছে বঙ্গ বিজেপি (BJP) সূত্র। আগের ঘোষনায় তৃণমূল ত্যাগী নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র ও দুঁদে রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়ের নাম ছিল। কিন্তু বাদ পড়েছিলেন বৈশাখী দেবী।
এবার তাঁকেও বিশেষ আমন্ত্রিত সদস্য করার কথাই ভাবছে পদ্ম শিবির। জানা গেছে বৈশাখীদেবীর পাশাপাশি রাজ্য কমিটিতে আরও কয়েকজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে বেছে নেওয়া হবে। দলীয় সূত্রে খবর, একুশের নির্বাচনের আগে বিশিষ্ট শিক্ষাবিদ (Academician) বৈশাখীদেবীকেও কাজে লাগাতে চাইছে বিজেপি।
প্রসঙ্গত, একটা সময় মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা হিসেবে কাজ করেছেন বৈশাখীদেবী। দুর্নীতির প্রতিবাদ করে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমনকী, কলেজের বৈঠকেও বারবার তাঁকে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, তাঁর সেই দুর্নীতি বিরোধী, প্রতিবাদী স্বচ্ছ ভাবমূর্তিকেই বাংলার বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি।
মঙ্গলবার গেরুয়া শিবিরের (BJP)’র তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে মোট ২৩০ জনের। এর মধ্যে বিশেষ আমন্ত্রিত ২১ জন আর স্থায়ী আমন্ত্রিত ১১০ জন।






