মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে আগেই সাসপেন্ড করেছিল সিপিএম। এবার সেই ঘটনাতেই তাকে তলব করল বরানগর থানার পুলিশ। সিপিএম নেতা কী সাড়া দেবেন সেই তলবে?
প্রসঙ্গত, গতকাল, রবিবার দুপুর এক তরুণী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। তিনি সিপিএম নেতা কাছে পৌঁছন। তাঁর অভিযোগ, সাক্ষাৎকার নেওয়ার আগে তন্ময় ভট্টাচার্য নাকি তাঁর কোলে বসে পড়েন। সাংবাদিক জানান, তিনি এসব মোটেই পছন্দ করেন না।
তিনি জানান, তন্ময় ভট্টাচার্য বড়বারই মাত্রার বাইরে ইয়ার্কি-ঠাট্টা করেন। পছন্দ না হলেও বিষয়টি এড়িয়ে যেতেন তিনি। তবে এদিন যা হয়েছে, তা সীমার বাইরে। এদিন সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা সাংবাদিক জানান, “চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার”।
এই অভিযোগ সামনে আসার পরই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ করে সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না”। এরপরই সাসপেন্ড করা হয় তন্ময় ভট্টাচার্যকে।
এই ঘটনার অভিযোগে এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ। জানা গিয়েছে, মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির দুটি জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। আজ, সোমবারই তাকে তলব করা হয়েছিল থানায়। তবে তিনি এদিন যাবেন না বলেই জানিয়েছেন।
নিজের দিকে ওঠা এও অভিযোগের প্রেক্ষিতে তন্ময় ভট্টাচার্য আবার বলেন, “আমি ওকে চিনি। একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে। বরাবরই ঠাট্টা করি। আজ দেখলাম লাইভে এরকম অভিযোগ করছে। সাক্ষাৎকারের কথা প্রসঙ্গ আমি ওর বাঁদিকের পায়ের উপর আঙুল রেখে বলেছি, এখানে? তাতে ও পোটেনশিয়াল রেপিস্ট বলে মন্তব্য করল। এত মানুষের সঙ্গে মিশি, এতজনের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করি। কেউ কোনওদিন কিছু বলেনি। ওই মেয়েটিকে আমি মা বলে ডাকি। এমন কথা হতে পারে ভাবিনি”।





