করোনা নিয়ে রাজ্য সরকারের ওপর নজরদারি বঙ্গ বিজেপির! শুরু হলো অনলাইন সমীক্ষা

করোনা আবহে রাজ‍্য বিজেপি সংঘাত লেগেই রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ প্রায়‌ই তোলে বঙ্গ বিজেপি। এবার করোনা মোকাবিলায় সরকারের পারফরমেন্সের বিচার করতে জনমত সমীক্ষায় নামল বিজেপি। তাঁদের লক্ষ্য, রাজ্য সরকারের বিরুদ্ধে আমজনতার আস্থার পরিমাপ।

করোনা নিয়ে রাজ্য সরকারের তৎপরতা, পরিস্থিতি সামলানোর দক্ষতা ও তথ্য গোপনের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কী ভাবছে তা জানতেই এই সমীক্ষা করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘আমরা প্রথম থেকেই বলছি রাজ্য সরকার সত্য প্রকাশ করছে না। এখন সেটা প্রমাণ হয়ে গিয়েছে।’

সঙ্গে তিনি জানান, ‘রাজ্য সরকারের প্রতি মানুষের মনোভাব জানতে আমরা অনলাইনে সমীক্ষা শুরু করেছি। সেখানে মানুষ তাদের মত জানাচ্ছেন। আমরা সেই সব সমীক্ষার ফলকে সঙ্কলিত করে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরব। সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও পাঠাবো।’

করোনা কালে প্রবাসী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকারের উদ্যোগে মানুষ কতটা খুশি তা জানতেও চলছে সমীক্ষা।

দিলীপবাবুর দাবি, তাঁদের কাছে প্রচুর মানুষ ফোন করে বলছেন তাঁরা বাড়ি ফিরতে চান। কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। রাজ্য সরকার হেল্পলাইন চালু করেছে বলে জানালেও কেউ সেখানে ফোন করলে কেউ ফোন তোলে না বলেও অভিযোগ করেছেন তিনি।

RELATED Articles

Leave a Comment