করোনা আবহে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে যুক্তি এবং পাল্টা যুক্তির পর্ব চলছেই। এবার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য রাজ্যের করোনা পরিস্হিতি যতটা ভালো বলে দেখানো হচ্ছে তার থেকে কয়েকগুণ খারাপ অবস্থায় রয়েছে। দিলীপবাবুকে কয়েকদিন গুজরাত ঘুরে এসে সেখানকার পরিস্হিতি জেনে আসতে বলুন, পাল্টা জবাব সুব্রত মুখোপাধ্যায়ের।
একসময় রাজ্যে করোনা টেস্ট না হওয়া থেকে শুরু করে রেশন সামগ্রীর কালোবাজারি, সব দুর্নীতি নিয়েই সরব হয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। এবার করোনা পরিস্হিতি নিয়ে সরকারকে কটাক্ষ করলেন তিনি। তাঁর বক্তব্য, ‘মুখ্যসচিব যতই বলুক না কেন রাজ্যে করোনা পরিস্হিতি ও স্বাস্থ্য পরিকাঠামো ভালো, আদপে কিন্তু তা নয়। পশ্চিমবঙ্গ এখন করোনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সরকারপক্ষ থেকে প্রতিদিন বৈঠক করে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। ওরা যদি বলে ৫০টা বেড লাগানো হয়েছে তবে বাস্তবিক ক্ষেত্রে তার অর্ধেক সংখ্যক বেড লাগানো হয়। তাছাড়া সেখানে কোনো ডাক্তার বা নার্সও থাকে না। অনেক রোগী বেড না পাওয়ার কারণে প্রত্যাখ্যাত হচ্ছেন এবং বাড়ি গিয়ে মারা যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘সরকার শুধু ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছে। যে যত ভালো মিথ্যা বলে, তাদের দিয়ে প্রেস কনফারেন্স করানো হচ্ছে।’
দিলীপবাবুর এই অভিযোগের বিরুদ্ধে তোপ দাগেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘দিলীপ বাবুকে কয়েক মাসের জন্য গুজরাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। ওখানে ঘুরে এসে ওখানকার পরিস্হিতি জেনে আসুক। গুজরাতে যা চিকিৎসার অবস্থা তা উনি একবার দেখে আসুক। ওখান থেকে ঘুরে এসে উনি জানান আমাদের। আমি বলছি না করোনা পরিস্হিতির দিক থেকে রাজ্য খুব ভালো জায়গায় রয়েছে তবে তুলনামূলক বিচারে রাজ্য ভালো জায়গায় রয়েছে।’ যে সব রাজ্যে করোনা পরিস্হিতি একদম খারাপ তার থেকে বাংলার অবস্থা ভালো বলে দাবি করেন সুব্রত।





