‘এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী’, রাজ্য সরকারকে তোপ বিকাশরঞ্জনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই রাজ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী। গতকাল, মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সাংবাদিক সম্মেলনে বলা বক্তব্যকে এভাবেই ব্যাখ্যা করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি এও প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে কারোর চাকরি যাবে না, তাহলে এখন কেন অযোগ্যদের চাকরি বাতিলের কথা টানছেন শিক্ষামন্ত্রী?

এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, “আদালতের সঙ্গে ছেলেখেলা করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর শিক্ষামন্ত্রী কেন বলছেন, আদালতের নির্দেশে বেআনিভাবে নিযুক্তদের চাকরি থেকে বাদ দিতেও তৈরি তারা? আর তাঁরা তৈরি কি না তাতে আমাদের কিছু যায় আসে না। দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তারা আদালতের নির্দেশেই বাদ যাবে। দেশে এখনও আইনের শাসন রয়েছে। এটা ভুলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

বিকাশবাবু আরও বলেন, “আদালত নির্দেশ দিলে সরকার যোগ্য প্রার্থীদের চাকরি দিতে বাধ্য। শিক্ষামন্ত্রী আজ স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরাজ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে”।

গতকালের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ দু’টি সম্ভাব্যতা রয়েছে। প্রথমত, আদালত বলতে পারে সবাইকে চাকরি দিন। সেজন্য আমরা প্রস্তুত। সেজন্য যে ১৪,৫০০ শূন্যপদ তৈরি প্রয়োজন তা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, আদালত যদি বলে অবৈধ ভাবে যারা ঢুকেছেন তাদের নিয়োগ যদি বাতিল করতে হয় তাতেও আমরা তৈরি। এখন আদালত নির্দেশ দিলে আমরা সেই মোতাবেক এগোব”।

RELATED Articles