আগামীকাল বাংলা বনধের ডাক বিজেপির, বনধ্‌ সফল করতে পথেও নামবে গেরুয়া শিবির

আগামীকাল, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিল বিজেপি। আজ ১০৮টি পুরসভায় ছিল নির্বাচন। এদিন নানান প্রান্ত থেকে অভিযোগ এসেছে শাসক দলের বিরুদ্ধে। ভোটপর্ব মিটতেই এবার বনধের ডাক দিল বিজেপি। এই বনধ্‌ সফল করতে আগামীকাল পথেও নামবে বিজেপি কর্মীরা, এও জানা গিয়েছে।

ভোটের দিন সকাল থেকেই রাজ্যের নানান জায়গা থেকে নানান অশান্তির খবর উঠে আসে। ছাপ্পা ভোট থেকে শুরু করে বুথ দখল, কর্মীর উপর হামলা, নানান অভিযোগ করতে থাকে বিজেপি। এরপর বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক হয় দলের তরফে। তখনই অনুমান করা হয়েছিল যে গেরুয়া শিবির কোনও বড় ঘোষণা করতে পারে।

এদিনের এই সাংবাদিক বৈঠকে রাজ্য দফতরে হাজির ছিলেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ অর্জুন সিংহও।

এই বৈঠকে বিজেপির তরফে অভিযোগ তোলা হয় যে কীভাবে দলের প্রার্থী ও কর্মীদের উপর আক্রমণ করেছে শাসক শিবির। এই কারণে সোমবার রাজ্যে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়। বিজেপির দাবী, এদিন ভোটের নামে ১০৮টি পুরসভায় প্রহসন হয়েছে।

RELATED Articles