‘বিজেপিতে কাজের থেকে টাকা চাওয়ার লোক বেশি’, ‘জাগো বাংলা’য় কলম ধরলেন একুশের নির্বাচনের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল

একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়েছিলেন তিনি। এরপর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহ্‌’র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংবাদিক প্রবীর ঘোষাল।

সেই সময় তৃণমূলের বিরুদ্ধে নানান ক্ষোভ উগড়ে দেন তিনি। একুশের নির্বাচনে বিজেপির টিকিতে উত্তরপাড়া থেকে লড়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেন নি। আর এরপরই কার্যত তাঁর বিজেপি মোহভঙ্গ হয় প্রবীর ঘোষালের। বিজেপির কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যায় না।

তাঁর সঙ্গী রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে গিয়েছেন তৃণমূলে। আর এবার প্রবীর ঘোষাল প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় কলম ধরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন সাংবাদিক।

রাজীব তৃণমূলে ফেরার পরই জল্পনা তৈরি হয়েছিল যে এবার হয়ত প্রবীর ঘোষালও দলে ওয়াপসি করবেন। তবে তা এখনও পর্যন্ত হয়নি। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে প্রবীর ঘোষালের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সবুজ সংকেত পেলেই প্রবীরবাবু যে তৃণমূলে যোগ দেবেন, তা বলাই বাহুল্য।

আর এরই মধ্যে ‘জাগো বাংলা’য় প্রকাশিত হল প্রবীর ঘোষালের লেখা। তাঁর এই প্রতিবেদনটির শিরোনাম: “কেন বিজেপি করা যায় না; ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি”। নিজের এই লেখায় প্রবীরবাবুর সম্প্রতি ভাইরাল হওয়া প্রবীর নামক ‘বিজেপি কর্মী’র অডিও ক্লিপের প্রসঙ্গটিও তুলে ধরেন।

এদিন প্রবীর ঘোষাল লিখেছেন, “বিজেপিতে অসংখ্য শাখা সংগঠন। ৬০টিরও বেশি। পদাধিকারীরা সকলেই নিজেদের নেতা নেত্রী মনে করেন। কেউ কর্মী নন। তাঁদের সকলের আলাদা আলাদা দাবি সনদ। বেশিরভাগই অর্থকেন্দ্রিক”। তৃণমূলের মুখপত্রে বর্তমান দল সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্যের কারণে অনেকের মনেই জল্পনা তৈরি হয়েছে।

আরও অন্যান্য খবর