মুখের ভাষায় বরাবরই বেলাগাম দিদির প্রিয় অনুব্রত মণ্ডল (Anubrata mondal)। এবার প্রকাশ্য সভায় উসকানিমূলক মন্তব্য করায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে FIR দায়ের করল গেরুয়া শিবির (BJP)।
রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, গত ১৫ই জুলাই বীরভূমের মল্লারপুরে এক কর্মীসভায় রেশন দুর্নীতি নিয়ে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের মেরে পা ভেঙে দিতে বলেছিলেন অনুব্রত। সেদিন অনুব্রত বলেন, ‘তোদের ওখানে না কি বিজেপি ঝামেলা করছে? হাত নেই নাকি তোদের? মেরে পা ভেঙে দিবি। মুখে আমি যাই বলি, কাজ বন্ধ রাখবি না।’
আর এই ঘটনারই পরিপ্রেক্ষিতে সোমবার বীরভূমের মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় (Atanu Chattopadhyay)। একইসঙ্গে পদ্ম শিবির অভিযোগ করেছে উক্ত ওই সভায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বিধি মানা হয়নি বলে দাবি করা হয়েছে।
তবে এই সাধারন অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের দাবি, বিধানসভা নির্বাচনের (Assembly election) আগে অনুব্রত মণ্ডলের সক্রিয়তাকে ভয় পেয়েছে বিজেপি। বিজেপির অনেক নেতা নিজেকে অনুব্রত মণ্ডল প্রমাণ করার চেষ্টা করছেন। এসব করে লাভ হবে না। বীরভূমে অনুব্রতর জনপ্রিয়তার ধারেকাছে পৌঁছতে পারবে না কেউ।
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) আগে প্রকাশ্য সভায় নির্দল প্রার্থীদের বাড়িতে বোম মারার নিদান দিয়েছিলেন তিনি।






