WB Election 2021: তৃণমূলত্যাগী বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলা, ছোঁড়া হল বোমা-গুলি, সন্দেহের কাঠগড়ায় শাসকদল

দল ছাড়ার পরই হামলা। মিনাখায়া গুরুতর আক্রান্ত হলেন বিজেপি নেতা বাবু মাস্টার। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে বোমা ও গুলি। আক্রান্ত বাবু মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় মেলে বোমার স্প্লিনটার। অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকেই। রাতেই বাবু মাস্টারকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী ও শঙ্কুদেব পাণ্ডা।

তৃণমূলে থাকাকালীন বাবু মাস্টার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। শুভেন্দু দল ছাড়ার পর তিনিও তৃণমূল ছেড়ে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বাউ মাস্টার এদিন বসিরহাটে একটি সভা সেরে বাড়ি ফিরছিলেন। এই সময় বাসন্তী হাইওয়ের উপর লাউহাটি পুলিশ ফাঁড়ি থেকে আন্দাজ ৫০০ মিটার দূরে তাঁর উপর হামলা হয়।

জানা গিয়েছ, কমপক্ষে ১০-১২ জন বাবু মাস্টারের কালো গাড়ি ঘিরে ধরে। লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছে একটি স্পিড ব্রেকারের কাছে তাঁর গাড়িটি আসতে হয়ে গেলে সেই সময়ই হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে ছোঁড়া হয় বোমা। এরপর বাবু মাস্টারকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

পুলিশের তরফে জানানো হয় যে, হামলার পর বাবু মাস্টারের গাড়িটি কোনওক্রমে লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছে নিয়ে আসে গাড়ির চালক। এরপর সেখান থেকেই অন্য গাড়িতে বাবু মাস্টারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে, দল ছাড়ার আক্রোশ থেকেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। গত ১৮ই ডিসেম্বর তৃণমূল ছাড়েন তিনি। এরপর থেকেই বাবু মাস্টার আশঙ্কা করছিলেন যে তাঁর উপর হামলা হতে পারে। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তোলা হয়েছে। কিন্তু সবরকম অভিযোগের দায় অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

RELATED Articles