বঙ্গে লকডাউনের কারণ কেউ জানেনা। রাজনৈতিক উদ্দেশ্যেই লকডাউন করছেন মুখ্যমন্ত্রী। দিলীপ উবাচ!

ফের রাজ্যে লকডাউন নিয়ে দিলীপ ঘোষের তীব্র বাক্যবাণের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কথা ভেবে নয়, রাজনীতির কথা ভেবেই পশ্চিমবঙ্গে লকডাউন করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই জানালেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে কেনও বারবার লকডাউনের দিন বদল করা হচ্ছে তার জবাব দিতে হবে রাজ্য সরকারকেই।

অযোধ্যায় রাম মন্দিরের বদলে যারা হাসপাতাল তৈরির দাবি তুলেছেন তাঁদের বিরুদ্ধেও সরব হয়েছেন দিলীপবাবু। শনিবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে কেন লকডাউন হচ্ছে তা কেউ জানে না। সরকারও জানে না কেনও তাঁরা লকডাউন করছে। কিন্তু বারবার লকডাউনের দিন পরিবর্তন হচ্ছে।’

দিলীপ ঘোষের দাবি, ‘এতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তাছাড়া সাধারণ মানুষ জানতে চাইছে কেনও বারবার লকডাউনের দিন বদল করছে সরকার। রাজ্য সরকারের উচিত মানুষকে তার জবাব দেওয়া।’ এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শানান দিলীপবাবু। বলেন, ‘সরকার কেন বারবার লকডাউনের দিন বদল করছে তা বলার ক্ষমতা তাদের নেই। কারণ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে লকডাউন করছেন না। লকডাউন করছেন রাজনীতির কথা ভেবে।‘

রাম মন্দিরের পরিবর্তে হাসপাতালের দাবিতে যাঁরা সরব তাঁদেরও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। তিনি বলেন, ‘যাঁরা হাসপাতাল হাসপাতাল করে চিৎকার করছেন তাঁরা নিজের রাজ্যের মানুষকে ঠিক করে চিকিৎসা পরিষেবাই দিতে পারেন না। হাসপাতালে বেড নেই। উল্টে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। উত্তর প্রদেশে পর্যাপ্ত হাসপাতাল রয়েছে।’ দিলীপের দাবি, নিজের ধর্মের কথা বুক ফুলিয়ে বলতে যাঁরা ভয় পান তাঁরাই রামমন্দিরের বিরোধিতা করছেন।

RELATED Articles

Leave a Comment