বিজেপি নেত্রী রাধারানীর মাথায় আটকে কুড়িটি বুলেট! সামনে এল আশঙ্কাজনক সিটিস্ক্যান রিপোর্ট

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের গুলিবিদ্ধ বিজেপি (BJP) নেত্রী রাধারানী নস্কর (Radharani Naskar) এর অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে। সংবাদমাধ্যমের কাছে তার সিটি স্ক্যানের রিপোর্ট এসেছে যেখানে দেখা যাচ্ছে রাধারানী দেবীর খুলিতে আটকে রয়েছে কুড়িটি বুলেট (Bullet) টুকরো! চামড়া ভেদ করে খুলির ঠিক উপরেই আটকে রয়েছে ২০টি বুলেট টুকরো। পালস রেট ৭০, শরীরে হিমোগ্লোবিন এবং ব্লাড প্রেশার কম বলে জানা গিয়েছে।

তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, এই বিজেপি নেত্রীর শরীরের যে অবস্থা তাতে এখন কোন রকম ভাবে অস্ত্রোপচার করা সম্ভব না। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের এক তলায় ‘রেড ইয়েলো’ জোনে ভর্তি রয়েছে রাধারানী দেবী।

সোমবার সকালে গুলিবিদ্ধ হন এই বিজেপি নেত্রী। পরিবারের অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে শাসকদল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা (goons) তাদের বাড়িতে হানা দেয়। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে তারা রাধারানী দেবীর স্বামী অরুণ নস্কর এর খোঁজ করে। তার স্বামীকে না পেয়ে দুষ্কৃতী দল রাধারানী দেবীর ওপর চড়াও হয়। প্রথমে তাকে মারধর করা হয় তখন আত্মরক্ষার খাতিরে রাধারানী দেবী দুষ্কৃতীদের দিকে পাল্টা ঝাঁটা ছুড়ে মারেন। তারপরেই গানপয়েন্টে তার মাথায় গুলি করা হয়। গুলি লাগে মাথার পিছনে বাঁদিকে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাধারানী দেবী। পালিয়ে যায় দুষ্কৃতীদের দল।

গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রাজ্যে যে আইন-শৃঙ্খলা কিছুই অবশিষ্ট নেই সে কথা এক বাক্যে বলছে গেরুয়া শিবির। যদিও শাসক শিবির এই সংক্রান্ত কোন অভিযোগ মানতে নারাজ।

RELATED Articles

Leave a Comment