Sunil threatened TMC: “বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে গাছে টাঙিয়ে দেবো!” অসাংবিধানিক ভাষায় আক্রমণ সুনীলের

প্রতিপক্ষকে আক্রমণ করতে ভারতীয় রাজনীতির ভাষা জ্ঞান যে কতটা তুখোড় তার প্রমান দেশীয় জনতা বিভিন্ন সময়েই পেয়েছে। দেশীয় রাজনীতি হোক বা আঞ্চলিক অসাংবিধানিক, অশালীন ভাষায় হুমকি, বাক্-আক্রমণ নিত্যদিনের ঘটনা। কিন্তু এবার বাংলায় বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ভাষার ক্ষেত্রে বেলাগাম হয়ে পড়ছেন রাজ্যের রাজনীতিকরা।

উল্লেখ্য, এই ধারা প্রথমে তৃণমূলের মধ্যে দেখা যেত। যা এবার বিজেপি নেতাদের মধ্যে সংক্রমিত হচ্ছে। দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে প্ররোচনামূলক মন্তব্য করার যে ঐতিহ্য অনুব্রত মণ্ডল তৈরি করেছিলেন তা অনুসরণ করছেন বিজেপি নেতারাও। আর এবার সেই ঐতিহ্য অটুট রেখেই এবার তৃণমূল কর্মীদের টাঙিয়ে দেওয়ার হুমকি দিলে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। কিন্তু পুরনো দলের ঐতিহ্য ভোলেননি।

বুধবার কালনায় দলীয় সভায় তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে হিংসায় প্ররোচনা দিয়ে বসেন সুনীল মণ্ডল। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে দেব না। শুধু মোবাইল ফোনে ছবিটা তুলে রাখবেন। পরে তাদের গাছে টাঙিয়ে দেব।’ তৃণমূলকে সরাসরি সাবধান করে সুনীলবাবু বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি করতে বাধ্য করবেন না। আমার গাড়ি ভেঙেছে, কিছু বলিনি। কিন্তু দলের কর্মীদের গায়ে হাত দিলে ছেড়ে দেব না।’

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক চুকিয়ে সদ্য বিজেপি নেতা হয়েছেন সুনীল বাবু। গত ১৯শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গে একই সভায় বিজেপিতে যোগদান করেন সুনীল মণ্ডল। এরপরই তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। এমনকী কলকাতায় বিজেপির দলীয় দফতরে সংবর্ধনা নিতে যাওয়ার সময়‌ও তাঁকে বাধা দেওয়া হয়।

 

RELATED Articles