এবারের ভাইফোঁটা একটু অন্যরকম, আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, মাতলেন নাচের তালেও

আজ ভাইফোঁটা। এদিন সব বোনেরা ভাই-দাদাদের মঙ্গল কামনা করে তাদের কপালে ফোঁটা দিয়েছেন। তবে দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের জন্য এবারের ভাইফোঁটা একটু অন্যরকম। আদিবাসীদের সঙ্গে এদিন ভাইফোঁটা কাটালেন বিজেপি নেত্রী।

আদিবাসীদের মধ্যে ভাইফোঁটা দেওয়ার নিয়ম নেই। কিন্তু আজ, শনিবার ভাইফোঁটার দিন সেই আদিবাসী ভাইদের সঙ্গেই অনেকটা সময় কাটালেন অগ্নিমিত্রা।

আজ সকালেই আসানসোলের বড়ডাঙ্গা গ্রামে হাজির হন বিজেপি নেত্রী। সেখানে গিয়ে আদিবাসীদের ভাইফোঁটা দিলেন তিনি। শুধু তাই-ই নয়, এদিন আদিবাসী মহিলাদের মিষ্টি, শাড়ি, চাদর উপহারও দেন তিনি।

এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা, মাদলের তালে তালে নাচও করেন আসানসোলের বিধায়ক। আদিবাসী সমাজে ভাইফোঁটা দেওয়ার রীতি নেই। কিন্তু বিজেপি বিধায়ক এদিনটা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ায় ও তাদের ফোঁটা দেওয়ায় বেশ খুশি হন গ্রামের মানুষ। এদিন এক ব্যক্তিকে ফোঁটা তাঁকে প্রণামও করেন অগ্নিমিত্রা পাল।

এদিন আবার অন্যদিকে বেলঘরিয়ায় ছোটো কচিকাঁচাদের থেকে ভাইফোঁটা নেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিনের এই অনুষ্ঠানে কখনও দাদার ভূমিকায়, আবার কখনও বা শিক্ষার্থীর ভূমিকায় ছোটোদের তিনি ভাইফোঁটার মন্ত্রও শিখিয়ে দেন।

RELATED Articles