নিজেই চপ, বেগুনি ভাজা শুরু করে দিলেন বিজেপি বিধায়ক। ক্রেতাদের হাতে আবার চপ-বেগুনি তুলেও দিলেন তিনি। এমন চিত্রই ফুটে উঠল বাঁকুড়ায়। বিজেপি বিধায়কের এমন কাণ্ড দেখে অবাক সকলেই।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই রাস্তায় চপ-বেগুনি বিক্রি করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। চপ ভাজতে ভাজতেই তিনি বললেন, “লোভ সামলাতে না পেরে চপ ভাজতে বসে পড়লাম”। এই ঘটনার জন্য তৃণমূলের থেকে অভিনন্দনও পেলেন বিজেপি বিধায়ক।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে পছন্দ হয়নি নিলাদ্রীশেখরের। এর জন্য বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন তিনি। এর জেরে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপি বিধায়ক।
এই ঘটনা নিয়ে এখনও দলের মধ্যে আলোচনা চলছেই। এমন আবহের মধ্যেই আজ, শনিবার সাতসকালে নিজের বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় একটি চপের দোকানে গিয়ে নিজের হাতে চপ ও বেগুনি ভাজলেন বিজেপি বিধায়ক।
এই বিষয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে চপ শিল্পের কথা বলেছিলেন। অনুপ্রাণিত হয়ে এখন চপ, বেগুনির দোকান দেখলেই লোভ সামলাতে না পেরে চপ ভাজতে বসে যাই। আমি কাজপাগল মানুষ। ঘরে বসে থাকা আমার পক্ষে কষ্টকর। অসুস্থ থাকায় দু’দিন বাড়িতে ছিলাম। আজ বাড়ি থেকে বেরিয়ে পাড়ার দোকানে বসে চপ ভাজলাম”।
এই ঘটনায় বাঁকুড়ার বিজেপি বিধায়ককে অভিনন্দনও জানান তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কথা অন্তর থেকে নিয়েছেন বিজেপির ওই বিধায়ক। এর পর তাঁর দল তাঁকে কী বলবে জানি না, তবে আমি তাঁকে এই কাজের জন্য অভিনন্দন জানাব”।





