করোনা হাসপাতালে মোবাইলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে গেলেন অর্জুন সিং

রাজ্যজুড়ে ২২ শে এপ্রিল থেকে প্রতিটি করোনা চিকিৎসা কেন্দ্রে এবার থেকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার। এই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

রাজ্যে করোনা মোকাবিলা ব্যবস্থার বিরুদ্ধে বারবার নিজের মতামত জাহির করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কখনও হাসপাতালগুলির অব্যবস্থা নিয়ে, কখনো চিকিৎসাব্যবস্থার পরিকাঠামো নিয়ে, কখনও সঠিকভাবে রেশন সামগ্রী বন্টনে দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে বারবার বিঁধেছেন তিনি। এবার হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। রাজ্যের নির্দেশিকা মহামারি আইনের পরপন্থী নয় বলে দাবি করে মামলা দায়ের করেছেন তিনি। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, সংক্রমণ রুখতে সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যের কোভিড হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে দূরবস্থার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই এই সিধান্ত নেন রাজ্য সরকার। বিরোধীদের অভিযোগ, এই কথা জানাজানি হবে বলেই মোবাইল ফোনের ব্যবহার আগে থেকেই নিষিদ্ধ করে রাজ্য।

রাজ্যের তরফে জারি ওই নির্দেশিকায় বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। তাই নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। প্রশাসনের তরফে বলা হয়েছে যে, চিকিৎসক, নার্স কিংবা রোগী সকলকেই একটি নির্দিষ্ট জায়গায় মোবাইল জমা রেখে হাসপাতালে প্রবেশ করতে হবে। মোবাইল জমা রাখলে প্রত্যেককে একটি রসিদ দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরোবার সময় ওই রসিদ দেখালেই আবার মোবাইল ফেরত পাওয়া যাবে। তবে হাসপাতালে থাকাকালীন মোবাইল না থাকায় যাতে কারও যাতে সমস্যা না হয়, সেদিকেও নজর রাখবে প্রশাসন।

আরও অন্যান্য খবর