বড় ঘোষণা! “পাঁচটি শিল্প সম্মেলন হলেও বিনিয়োগ হয়নি রাজ্যে”, আগামী ৫ বছরে ৭৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যে বেড়ে বেকারত্বের হার। টেট দুর্নীতি, এসএসসি পরীক্ষা বাতিল, এ তো লেগেই রয়েছে বাংলায়। সদ্যই বাতিল হয়েছে উচ্চ প্রাথমিক বিভাগে নিয়োগ প্রক্রিয়া। দুর্নীতির জেরে গোটা পরীক্ষার প্যানেল বাতিল করেছে রাজ্য। এর জেরে স্বপ্ন ভেঙ্গেছে হাজার হাজার পরীক্ষার্থীদের। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এক বড় পদক্ষেপ নেওয়া হল। বিজেপি দাবী, আগামী ৫ বছরে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। এই জন্য চাকরির প্রতিশ্রুতি কার্ড সামনে আনা হল।

রবিবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা সৌমিত্র খাঁ তৃণমূলের জমানায় বেকারত্ব নিয়ে কথা বলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও। এদিনের বৈঠকে সৌমিত্র খাঁ শাসকদলের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মমতার শাসনকালে রাজ্যে চপ শিল্প ও বোমা শিল্প ছাড়া আর কিছু হয়নি। এরপরই তিনি চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘোষণা করেন।

তাঁর কথায়, “আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়োগ হবে। এতে বাংলায় বেকারত্ব সমস্যা ঘুচবে”।

এদিনের বৈঠকে বাংলার বেকারত্ব সমস্যা নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তোলেন মুকুল রায়। তিনি  বলেন, “এখন বাংলায় শিল্প সম্মেলন হয়। কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরেও কিছু হয়নি। টাটাকে তাড়ানো ছিল সব থেকে বড় ভুল। পাঁচ বছর শিল্প সম্মেলন হয়েছে কিন্তু বিনিয়োগ হয়নি বাংলায়”।

এরপরই রাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আয়-ব্যায়ের খতিয়ান দাবি করেন বিজেপি নেতা। তিনি আরও বলেন, বাংলায় এখনই ৩৫৬ ধারা জারি করা খুব প্রয়োজন হয়ে পড়েছে।

প্রসঙ্গত, এর আগেও বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবী তোলেন। বছর গড়ালেই একুশের নির্বাচন। এই নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। অন্যদিকে, নিজের গদি বাঁচাতে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে বেকার যুবক-যুবতীদের চাকরির প্রতিশ্রুতি একুশের নির্বাচনে বেশ ভালোই প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

RELATED Articles