দুই দিনের টানা বৃষ্টিতে রীতিমতো জলে ডুবে গেছে শহর কলকাতা। জল-যন্ত্রণা এই শহরের চিরকালীন ঘটনা। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। যে সরকার যখনই ক্ষমতায় থাকুক না কেন এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী নিশানায় পড়তে হয়ই তাঁকে! সেই ধারাবাহিকতাতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ।
রাজ্য সরকারের বিপক্ষে মুখ খুলে দীলিপবাবু বলেন, “যাঁরা দশ বছরে পারে না তারা এক বছরে পারবে বলে কেউ বিশ্বাস করবে? যখন গত বছর আমফান ঘূর্ণিঝড় এল, সাতদিন ধরে অন্ধকার ছিল। আজকে যাঁরা রাজ্যপালের সমালোচনা করছেন, সেচমন্ত্রীর দোষ ধরছেন, তাঁরা ক্ষমতায় থাকাকালীন, মেয়র থাকাকালীন কাজ করতে পারেননি। কারণ, তাঁদের ইচ্ছাই নেই কাজ করার।”
আরও পড়ুন:হাইকোর্টে পিছলো মমতা-শুভেন্দুর নন্দীগ্রাম মামলার শুনানি! বিক্ষোভ শুরু বার অ্যাসোসিয়েশনের তরফে
একইসঙ্গে এই ঘটনার সঙ্গে করোনাকেও জুড়ে দিতে ভোলেননি দীলিপবাবু। অভিযোগ করে তিনি বলেছেন, সাধারণ মানুষ হাহাকার করছে অথচ প্রতিষেধক পাচ্ছেন না। শুধুমাত্র রাজ্যপাল এবং বিরোধীদের আক্রমণ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।
আরও পড়ুন:‘ফিরে যাও বিজয়বর্গীয়’, বিজেপি শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ কলকাতা!
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় ভোট মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা এবং উত্তেজনা কোনওটারই কমতি নেই। আজই হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়ও এখন রয়েছেন দিল্লিতে। কয়লা মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির মনস্কামনা নিয়েই দিল্লি গেছেন তিনি। বাংলা সরকারকে অশান্তিতে রাখাই তাঁর কাজ।






