ক্যানিংয়ে ভাষণ দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়! তখনই বিজেপিতে যোগ দিচ্ছেন ব্লক সভাপতি! বাংলায় রং বদলের রাজনীতি জমজমাট

রাজনীতি এক অদ্ভুত মজার জায়গা। সময় সুযোগ বুঝে নিজের সুবিধামতো ঝটপট দলবদল করা যায় এখানে। আর তাই ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল থেকে নাগাড়ে লোকজন ঢুকছে বিজেপিতে।

উল্লেখ্য, একদিকে যখন ক্যানিংয়ে দলের মঞ্চে ভাষণ দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দলের ব্লক সভাপতি। রবিবার কলকাতায় দলবদল করেন ক্যানিং ১ নম্বর ব্লক তৃণমূল সভপাতি অর্ণব রায়।

রবিবার দলীয় সভায় যোগ দিতে ক্যানিং গিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তখনই দলবল সমেত বিজেপিতে যোগদানের উদ্দেশ্যে ক্যানিং থেকে কলকাতায় পৌঁছন অর্ণববাবু। দলবদল করেন বিজেপির সদর দফতর হেস্টিংস-এ। এর পর তৃণমূলের প্রতি নিজের ক্ষোভ উগড়ে তিনি জানান, ‘তৃণমূলে দমবন্ধ পরিবেশ। কোনও কথা বলা যায় না। কোনও কাজ করা যায় না।’

প্রসঙ্গত উল্লেখ্য, দলবদল করায় এই নেতা খুবই দক্ষ। তিন বছর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন অর্ণববাবু। জেলা কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। এহেন নেতাই এবার তৃণমূল ঘুরে এবার বিজেপিতে।

আর অদ্ভুত ভাবে এদিন অর্ণববাবু দলবদল করতেই ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে তৃণমূল পার্টি অফিস বদলে হয়ে যায় বিজেপির পার্টি অফিস। পার্টি অফিসের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ তৃণমূলের ব্যানারের ওপরেই টাঙিয়ে দেওয়া হয় বিজেপির গেরুয়া ব্যানার।

এই ঘটনায় কি বলছে শাসক শিবির? তৃণমূলের তরফে জাননো হয়েছে, পার্টি অফিস দখলের খবর জানি না। খবর নিয়ে দেখবো। ঘটনায় সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED Articles