রণক্ষেত্র টালিগঞ্জ! শুভেন্দুর মিছিলে হামলা তৃণমূলের, ফের উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ঘটনার পুনরাবৃত্তি। ফের বিজেপির মিছিলে হামলা তৃণমূলের। আজ, সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপির রোড শো-র উপর হামলা চালায় তৃণমূলের পতাকাধারী দলের কর্মী-সমর্থকেরা। রাস্তার ওপর প্রান্ত থেকে ছোঁড়া হয় ইট, পাটকেল, করা হয় নোংরা ইঙ্গিত। এর পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির পক্ষ থেকেও। ভাঙচুর করা হয় এলাকায় থাকা বাইক, সাইকেল রিকশা।

এদিন টালিগঞ্জ থেকে রাসবিহারী মোড় পর্যন্ত রোড শো করেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দুপুর ৩টে নাগাদ বিপুল জনস্রোত নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে শুরু হয় মিছিল। অভিযোগ, প্রথমে সেখানেই রাস্তার অপএ প্রান্তে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকেরা। তাদের হাতে দেখা যায় কালো পতাকা, পোস্টার যাতে লেখা ছিল, “গো ব্যাক মীরজাফর”। এরপর মিছিল আরও কিছুটা অগ্রসর হতেই শুরু হয় সংঘর্ষ।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এদিন বিজেপির মিছিল দেশপ্রাণ শাসমল রোড পার করার সময়ই তৃণমূলের পতাকা হাতে দলের কর্মী-সমর্থকেরা অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। এর পাল্টা জবাব দেয় বিজেপিও। এরপরই রাস্তার ওপর প্রান্ত থেকে মিছিল লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, পাটকেল। এরপর রীতিমতো উত্তেজিত হয়ে মিছিল ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

জানা গিয়েছে, চারু মার্কেট থানা এলাকায় শুরু হয় দুই দলের মধ্যে ঝামেলা। ভাঙচুর করা হয় সাইকেল রিকশা, বাইক। বিজেপির দাবী, এর নেপথ্যে রয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবী, অশান্তি আগে শুরু করেছে বিজেপির কর্মীরা। এই সংঘর্ষে এক বিজেপি সমর্থক মাথায় গুরুতর চোট পেয়েছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। তাদের দাবী, মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, বিজেপি মিছিলের উপর একের পর এক হামলা চালানোর খবর মিলেছে গত কয়েকদিনে। ডিসেম্বরে ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় শিরাকোলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালায় তৃণমূলবাহিনী। এরপর নন্দীগ্রাম বা পুরুলিয়াতেও শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে ওঠে। দিন কয়েক আগেই নিজের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

আরও অন্যান্য খবর