পরনে সাদামাটা শাড়ি, ভাড়ার গাড়ি করেই বিধানসভায় শপথ নিতে পৌঁছলেন শালতোড়ার দিনমজুরের স্ত্রী চন্দনা

বিধানসভায় যাবেন। এই প্রথমবার। এমনিতেই ভীষণ চিন্তায়। আজ যে শপথ গ্রহণের দিন। কিন্তু যাবে কী করে? গাড়ির জোগাড় তো নেই। অবশেষে দাদার গাড়ি ভাড়া করে বাঁকুড়ার শালতোড়া থেকে কলকাতায় পৌঁছলেন বিজেপির নতুন বিধায়ক চন্দনা বাউড়ি। আজ বিধানসভায় শপথ গ্রহণ করবেন তিনি।

 বিজেপির ‘দরিদ্রতম’ প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনী তালিকায় তাঁর নাম প্রকাশের পর থেকেই বারবার শিরোনামে উঠে আসেন দিন মজুরের স্ত্রী শালতোড়ার চন্দনা বাউড়ি। প্রচারেও প্রথম থেকেই সকলের নজর কেড়েছিলেন এই সাদামাটা মহিলা। দিন মজুরের স্ত্রী, দুই সন্তানের মা চন্দনার প্রচার অন্যান্য প্রার্থীর তুলনায় অনেকটাই আলাদা ছিল। পান্তা খেয়ে দিন রাত এক করে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালিয়েছেন তিনি।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক রাজ্যপালের, ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট পেশের আগে বিশেষ আলোচনা 

এদিন বিধানসভায় দাঁড়িয়ে আরও একবার কৃতজ্ঞতায় গলা বুজে আসে চন্দনার। বলেন, “আমার মতো একজন গরিব মানুষকে টিকিট দিয়েছে বিজেপি, এটাই অনেক”। লাল-হলুদ মাস্কের আড়ালেও আলো ফুটে ওঠে চন্দনার চোখে-মুখে। আরও বলেন, “একবার কলকাতায় আসতে অনেক খরচ। আমি তাও এলাম। জনগণ আমায় জিতিয়ে এনেছে তাই আসতেই হবে”।

বিধায়ক হিসেবে শালতোড়ার রাস্তা-ঘাট তৈরির কাজেই প্রথম মন দিতে চান চন্দনা। ইতিমধ্যেই কাজের পরিকল্পনা নিয়ে হোম ওয়ার্ক করেছেন বিজেপির এই নয়া বিধায়ক। এলাকার মানুষের জন্যে যত দ্রুত সম্ভব জলের সু-বন্দোবস্ত করার পরিকল্পনা রয়েছে চন্দনা।

আরও পড়ুন- বিজেপি করা ‘অপরাধ’! প্রকাশ্য রাস্তায় ‘বাংলার মেয়ে’কে কান ধরে উঠবস করালেন তৃণমূল নেত্রী

এদিন বিধানসভায় আরও ১৪৭ জন বিধায়কের সঙ্গে শুক্রবার শপথ বাক্য পথ করবেন চন্দনা বাউড়ি। আর আগামী পাঁচ বছর এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ হবেন বিজেপির দরিদ্রতম এই বিধায়ক। এলাকার আরও অনেক চন্দনার স্বপ্নপূরণের দায়িত্ব যে আজ থেকে তাঁরই হাতেই উঠল। কাঁধে অনেক দায়িত্ব।

RELATED Articles