গেরিলা কায়দায় নবান্ন অভিযান, হুংকার বিজেপির

গেরিলা কায়দাতেই এবার হবে নবান্নে অভিযান, যাতে টলে যাবে শাসকদল। এমনই হুঁশিয়ারি জারি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। রাত পোহালেই নবান্নে অভিযান, এই নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত পরিকল্পনা স্থির করে ফেলেছে বিজেপি।

আগামীকালের অভিযানে নেতৃত্বে থাকবেন নয়া দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সুপ্রিমো তেজস্বী সূর্য। বিজেপির পক্ষ থেকে ঠিক করা হয়েছে মোট সাতটি আলোচ্যসূচী নিয়ে শাসকদলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তার মধ্যে দুর্নীতি, টেট, কর্মসংস্থান-সহ রয়েছে বিজেপি নেতাদের খুনের বিষয়টিও। সম্প্রতি বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে এই অভিযানে, এমনটাই মনে করা হচ্ছে।

ঠিক হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বাংলার যুব মোর্চার সভাপতি সৌমিত্র খানের সঙ্গে এসে যোগ দেবেন তেজস্বী সূর্য। এরপর বিচারের দাবীতে হাওড়া থেকে নবান্নের দিকে এগোবে অভিযান। দলীয় সূত্রের খবর, রাজ্যজুড়ে একাধিক জায়গায় একত্রিত হবে বিজেপির নেতা, নেত্রী, কর্মী ও সমর্থকেরা। সাঁতরাগাছি থেকে মিছিল শুরু করে নবান্নের দিকে এগোবেন সাংসদ লকেট চ্যাটার্জি, সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতো-সহ আরও অনেকে। এদিকে হেস্টিংস থেকে অভিযান শুরু করবেন কৈলাশ বিজয়বর্গীয় এবং নবান্নের দিকে বিরাট মিছিল নিয়ে এগোবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এই মহা অভিযানের বিষয়ে তেজস্বী সূর্য বলেন, “বাংলার যুবক যুবতীরা বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন। এটাই উপযুক্ত সময় বাংলার ঐতিহ্যকে পুনরদ্ধার করার। বাংলার মানুষ পরিবর্তন চাইছে আর বিজেপিই হল যুবদের কণ্ঠস্বর”। তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা থেকেই উঠে এসেছেন, আমরা যুবদের কাছে ঋণী”। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী করছেন বলেও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় দাগেন তিনি।

সূত্রের খবর, প্রায় দু লক্ষ সমর্থক নিয়ে নবান্ন ঘেরাও করার পরিকল্পনা হয়েছে। এই করোনা পরিস্থিতিতে বাস, ট্রেনের পরিষেবা বিঘ্নিত হওয়ায় প্রতিটি মণ্ডলকে ১০টি করে বাসের ব্যবস্থা করে কর্মীদের নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে বলা হয়েছে। তবে এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি মেনে আগামীকাল বিজেপির অভিযান কতটা সাফল্যমণ্ডিত হবে, এখন সেটাই দেখার।

RELATED Articles

Leave a Comment