পঞ্চায়েত বোর্ড গঠনেও অশান্তি, উদয়ন গুহর কনভয় লক্ষ্য করে পড়ল বোমা, বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল মন্ত্রী

পঞ্চায়েত বোর্ড গঠন শুরু হতেই ফের নতুন করে অশান্তির পরিবেশ দেখা দিয়েছে রাজ্য জুড়ে। গতকাল, বৃহস্পতিবার নানান প্রান্ত থেকে একাধিক অভিযোগ এসেছে। কোথাও বোমাবাজি, তো কোথাও গুলি, তো কোথাও আবার আক্রান্ত হয়েছে খোদ পুলিশই। আর এদিনই দিনের শেষে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ের সামনে পড়ল বোমা। পরপর দুটি বোমা পড়ে তাঁর কনভয়ের সামনে। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তোলেন মন্ত্রী। এই ঘটনায় আরও বেশি উত্তপ্ত হয় কোচবিহারের দিনহাটা।

কী ঘটেছিল এদিন?

গতকাল, বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল দিনহাটা। তৃণমূল ও বিজেপির মধ্যে বচসাও বাঁধে। পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী উদয়ন গুহ বিকেলে ঘটনাস্থলে যান। সেখান থেকে ফেরার পথেই ঘটে বোমাবাজির ঘটনা। ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাটের শালমারা এলাকায়। জানা গিয়েছে, মন্ত্রীর কনভয় যখন এগোচ্ছিল, তখন পরপর বোমার শব্দ শোনা যায়। এরপর গাড়ি থেকে নেমে পড়েন তিনি।

কী জানান উদয়ন গুহ?

মন্ত্রীর কথায়, যে গাড়ির সামনে বোমা পড়েছে, তার ঠিক দুটি গাড়ি পরেই ছিলেন তিনি। তিনি বলেন, “আমার গাড়ির কাচ বন্ধ ছিল। কিন্তু উদ্বেগ ছিল আমার সহকর্মীদের জন্য, যাঁরা বাইকে যাচ্ছিলেন”।

কে বা কারা এই কাজ করতে পারে? এই প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, “আমাদের বন্ধুরা তো করবে না নিশ্চয়”। তৃণমূলের পক্ষ থেকে দাবী করা হয়েছে যাতে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

পাল্টা দাবী বিজেপির

এই ঘটনায় বিজেপির অভিযোগ, উদয়ন গুহর কনভয় ঢুকলে তৃণমূল কর্মী-সমর্থকরাই বোমা ছুঁড়তে থাকে। বিজেপি নেতা তরণীকান্ত বর্মণের কথায়, বোর্ড গঠনের সময় একজন তৃণমূল প্রার্থীই ১২ জন প্রার্থীর ভোট দিয়েছেন যা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। বিজেপি নেতার দাবী, উদয়ন গুহর নেতৃত্বেই এমন ঘটনা ঘটেছে।

RELATED Articles