বনগাঁ-নৈহাটি-বারাসত রুটে ট্রেন বাতিলের হিড়িক! ছুটির দিনে বাড়বে যাত্রীদের ভোগান্তি?

রোজকার জীবনে লোকাল ট্রেন হল নিত্যযাত্রীদের অন্যতম ভরসা। অফিস যাওয়া থেকে শুরু করে স্কুল-কলেজ কিংবা বাজারহাট—সবকিছুর জন্যই নির্ভর করতে হয় ট্রেনের ওপর। কিন্তু ট্রেন বাতিলের সমস্যা যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘ প্রতীক্ষা, অতিরিক্ত ভিড়, সময় নষ্ট—সব মিলিয়ে নিত্যযাত্রীদের পোহাতে হয় একাধিক সমস্যা। বিশেষ করে, যাঁদের বিকল্প কোনো যানবাহনের সুযোগ নেই, তাঁদের কাছে ট্রেন বাতিল হওয়া মানেই বিরাট সমস্যার সূত্রপাত।

শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের কাছে ট্রেন বাতিল নতুন কিছু নয়। প্রায়ই রক্ষণাবেক্ষণ কিংবা অন্য কোনও কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়। কখনও ওভারহেড ওয়্যার মেরামতি, কখনও ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, আবার কখনও সিগন্যাল ব্যবস্থার উন্নতির কারণে বন্ধ রাখা হয় একাধিক লোকাল ট্রেন। এতে একদিকে যেমন যাত্রীরা সমস্যায় পড়েন, অন্যদিকে ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় অবশিষ্ট ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে প্রতিদিনের যাতায়াত হয়ে ওঠে আরও কষ্টসাধ্য।

এবারও তার ব্যতিক্রম হলো না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত গোবরডাঙা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। শুধু বনগাঁ নয়, বাতিলের তালিকায় রয়েছে কৃষ্ণনগর, নৈহাটি, বারাসত-সহ একাধিক রুটের ট্রেন। শিয়ালদহ-বনগাঁ, নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-শান্তিপুর, বারাসাত-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, নৈহাটি-রানাঘাট, কৃষ্ণনগর সিটি-লালগোলা, আজিমগঞ্জ রুটেরও একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বসন্তের শুরুতেই বৃষ্টির হানা! বিয়েবাড়ির সাজগোজে বাধা দেবে আবহাওয়া? কি বলছে আবহাওয়া দপ্তর?

শনিবার বাতিলের তালিকায় রয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ আপ ট্রেন এবং ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ডাউন ট্রেন। এছাড়া নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-গেদে ও শিয়ালদহ-শান্তিপুর শাখার বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। রবিবারও একই পরিস্থিতি থাকবে। বিশেষ করে বারাসাত-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, নৈহাটি-ব্যান্ডেল, নৈহাটি-রানাঘাট, কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ-লালগোলা রুটের একাধিক লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তবে এই সিদ্ধান্ত যাত্রীদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন অনেকে। সপ্তাহান্তে এমনিতেই প্রচুর যাত্রীবাহী ট্রেন চলাচল করে। রেলের পক্ষ থেকে বিকল্প ট্রেনের কথা বলা হলেও, তা পর্যাপ্ত হবে কিনা, সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে আগামী শনিবার এবং রবিবার ট্রেনযাত্রীদের আরও বেশি ভোগান্তির শিকার হতে হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles