ভালোবাসার সপ্তাহ চলছে। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে—একটির পর একটি দিন উদযাপন করছেন প্রেমিক-প্রেমিকারা। সোশ্যাল মিডিয়া জুড়ে ভালোবাসার বার্তা, উপহার এবং বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার হিড়িক। কিন্তু এই ভালোবাসার মরশুমেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা! শিলিগুড়ির কলেজ চত্বরে এমন কিছু ঘটল, যা দেখে হতবাক সাধারণ মানুষ।
যতই ভালোবাসা উদযাপন হোক, ততই যেন মানুষের মনে হিংসা আর প্রতিশোধস্পৃহা বাড়ছে। প্রেমে প্রতারিত হলে অনেকে আর একবারও ভাবেন না, কিভাবে প্রতিশোধ নেবেন! সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের নানা টানাপোড়েন প্রকাশ্যে আসে। কখনো প্রতারণার অভিযোগ, কখনো প্রতিশোধ নেওয়ার গল্প। এবার শিলিগুড়ির কলেজে দেখা গেল তেমনই এক রহস্যময় ঘটনা, যা নিয়ে গোটা শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
শিলিগুড়ি কলেজের প্রতিটি গাছের গায়ে সাঁটানো ছিল একটি করে কাগজ। তাতে বড় হরফে লেখা—‘Rohan, you cheated on me. Here are your pics. Now everyone will see.’ এই বার্তার নিচেই ছিল একটি QR কোড! পড়ুয়ারা এবং পথচারীরা এই পোস্টার দেখে রীতিমতো হতবাক। প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন—কে এই রোহান? সত্যিই কি তার প্রতারণার ছবি ফাঁস হতে চলেছে? কৌতূহলী মানুষ QR কোড স্ক্যান করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন।
আরও পড়ুনঃ বনগাঁ-নৈহাটি-বারাসত রুটে ট্রেন বাতিলের হিড়িক! ছুটির দিনে বাড়বে যাত্রীদের ভোগান্তি?
তবে স্ক্যান করার আগেই অনেকে দ্বিধায় পড়েন। বর্তমান যুগে অনলাইনে প্রতারণা এক বড় সমস্যা। কেউ কেউ আশঙ্কা করেন, এই কোড স্ক্যান করলেই হয়তো তাদের মোবাইল থেকে টাকা কেটে নেওয়া হবে, বা কোনো ভাইরাস ঢুকে যেতে পারে! কিন্তু কৌতূহল তো থেমে থাকে না। শেষমেশ অনেকে কোড স্ক্যান করেই ফেলেন। এরপর যা প্রকাশ্যে আসে, তাতে চমকে যান সকলে!
QR কোড স্ক্যান করে দেখা গেল, এটি আসলে একটি ফুলের দোকানের ওয়েবসাইট! অর্থাৎ, গোটা ঘটনাই ছিল এক অভিনব ব্যবসায়িক পরিকল্পনা! ভালোবাসার সপ্তাহে ফুলের চাহিদা তুঙ্গে। সেই বাজার ধরতেই এক ব্যবসায়ী এই বুদ্ধি বের করেছেন! প্রতারণার প্রতিশোধ নয়, বরং মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের নতুন কৌশল তৈরি হয়েছে শিলিগুড়িতে। যা দেখে অনেকেই হতবাক, আবার কেউ কেউ প্রশংসাও করেছেন এই অনন্য মার্কেটিং কৌশলের!





