ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে ঋতুর পালাবদল শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে শীতের আমেজ মিলিয়ে গিয়ে বসন্তের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। সকালে হালকা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে। তবে বসন্তের শুরুতেই কি বৃষ্টিতে ভিজবে রাজ্য? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। আর এই বৃষ্টি নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে যাঁদের সামনে বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে।
শীত বিদায় নিলেও, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ ক্রমশ মেঘলা হতে শুরু করবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও তার প্রভাব পড়তে পারে।
তবে বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রারও পরিবর্তন হবে। ধীরে ধীরে উষ্ণতা বাড়তে শুরু করবে রাজ্যে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। তবে সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা আরও বাড়বে।
বিয়ের মরশুমে এমন আবহাওয়া পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বহু মানুষের বিয়ের দিন নির্ধারিত রয়েছে। এমন অবস্থায় বৃষ্টিপাত হলে অনেক সমস্যার মুখে পড়তে পারেন তাঁরা। বিশেষ করে যাঁরা খোলা জায়গায় বিয়ের আয়োজন করেছেন, তাঁদের প্রস্তুতিতে বাধা আসতে পারে। তবে একটানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ সিবিআইয়ের হাতে বিস্ফোরক নথি! কোন নেতারা সুপারিশ করেছিলেন চাকরি প্রার্থীদের?
তবে সব হিসেব ও পরিকল্পনা ওলটপালট হয়ে যেতে পারে এক পরিস্থিতিতে! আবহাওয়াবিদদের মতে, যদি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আরও বাড়ে, তাহলে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপ্তি দুই-ই বৃদ্ধি পেতে পারে। ফলে ২০ ফেব্রুয়ারির পরেও হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তাই যারা বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, তাঁদের আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে রাখা ভালো। বসন্তের শুরুতে এমন ‘অকাল বৃষ্টি’ যে অনেকের পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই!





