মাধ্যমিকের মেধাতালিকায় নাম ব্রাত্য বসুর, ৬৮৬ নম্বর নিয়ে মাধ্যমিকে অষ্টম স্থানে ব্রাত্য

আজ, শুক্রবার ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই মেধাতালিকায় নাম রয়েছে ব্রাত্য বসুর। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই নাম ঘোষণার পরই জানান জল্পনা শুরু হতে থাকে।

মেধাতালিকায় ব্রাত্য বসুর নাম দেখেই উপস্থিত সকলের মধ্যে বাড়তে থাকে গুঞ্জন। শুরু হয় আলোচনা। তাহলে কী কোনও ভুলবশত ব্রাত্য বসুর নাম মাধ্যমিকের মেধাতালিকায় জুড়ে গিয়েছে, সেই নিয়ে ওঠে প্রশ্ন।

তবে খানিক পরেই ভুলের অবসান হয়। জানা যায় যে এই ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নন। বরং এই ব্রাত্য বসু হল বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র ও এবারের মাধ্যমিকের পরীক্ষার্থী। সেই-ই এবার ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে। আর তার নাম ও পদবির সঙ্গে মিল রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই কারণেই এমন বিভ্রান্তি। এই নিয়ে খানিক রসিকতা চলে ফল ঘোষণার সময়ও। মুচকি হেসেও ফেলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

মাধ্যমিকের মেধাতালিকায় নাম ব্রাত্য বসুর, ৬৮৬ নম্বর নিয়ে মাধ্যমিকে অষ্টম স্থানে ব্রাত্য

এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থী ব্রাত্য বসু জানায় যে শিক্ষামন্ত্রীর নামের সঙ্গে মিল থাকায় এর আগেও তার বন্ধুরা নানান মজা করেছে, সে জানায়, “বন্ধুরা মাঝেমধ্যেই বলত, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী রয়েছেন”। মাধ্যমিকে অষ্টম হওয়ার এলাকায় বেশ বিখ্যাত হয়ে গিয়েছে ব্রাত্য৷ মাধ্যমিকে অষ্টম স্থান দখল করার পর সে বলে, “ভালো ফল হবে আশা করেছিলাম, কিন্তু মেধা তালিকায় জায়গা পাবো ভাবিনি৷ আমার বায়োলজি, ফিজিক্সের মতো বিজ্ঞানের বিষয়গুলিই বেশি ভাল লাগে”। ব্রাত্য জানায় যে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।

এই ব্রাত্য বসুর বাবা চণ্ডীদাস বসু একজন প্রাক্তন সেনাকর্মী। তাঁর ছেলে বরাবরই স্কুলে এক থেকে তিনের মধ্যে থেকেছে। তবে তাঁর ছেলের সঙ্গে শিক্ষামন্ত্রীর নামের এমন মিল নিয়ে রসিকতার কথা শুনে তিনিও হেসে ফেলেন।

RELATED Articles

Leave a Comment