পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
২০১১ সালে যাদবপুর কেন্দ্র থেকে হেরে যাওয়ার পর থেকেই রাজনীতি থেকে অবসর নেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। গত কয়েকমাস আগে সেই সমস্যা আরও বাড়ে। বর্ষার মরশুমের কারণে ফুসফুসজনিত সংক্রমণ মাথাচাড়া দেয় আরও বেশি করে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বেশ বাড়াবাড়ি দেখা দেয় তাঁর। সংক্রমণ বাড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও পাওয়া যায়নি বলেই খবর। এরপর ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ছেলে সুচেতন ভট্টাচার্য।
প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পদ সামলেছেন তিনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর থেকেই সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান বুদ্ধদেববাবু। ২০১৯ সালে শেষবার ব্রিগেডে গিয়েছিলেন তিনি। নাকে নল লাগানো অবস্থাতেই দেখা মিলেছিল তাঁর। গাড়িতেই মিনিট ১৫ বসে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি।
এরপর থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই এর সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। গত বছর ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই থেকেই বাড়িতেই বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। রাইলস টিউবও লাগানো ছিল। কার্ডিয়াক মনিটরও ছিল সঙ্গে। কিন্তু কোনও কিছুই আর ফেরাতে পারল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। না ফেরার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য।






