‘দু’বছর তো হল, এবার তদন্ত শেষ করুন’, অভিষেকের স্ত্রী ও শ্যালিকার বিরুদ্ধে সোনা-মামলার গতিতে অখুশি হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার বিরুদ্ধে চলছে সোনা মামলা। সেই মামলা আর কতদিন চলবে, কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আইনজীবীকে এমনই প্রশ্ন করল কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।

২০১৯ সালের ১৬ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারেলা এবং শ্যালিকা মেনকা গম্ভীর ব্যাংকক থেকে ফিরছিলেন। দমদম বিমানবন্দর থেকে ২ কেজি সোনা-সহ তাঁদের আটক করা হয়।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন দু’জনে। পরে তাঁদের বিধাননগর থানার পুলিশ বার করে আনে। সেবছরই ২২ মার্চ দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শুল্ক দফতর। পরে রুজিরা ও মেনকাকে কলকাতার স্ট্র্যান্ড রোডের অফিসে তলব করা হয়।

অভিষেকের স্ত্রী ও শ্যালিকা শুল্ক দফতরের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সিঙ্গল বেঞ্চের তরফে স্বস্তিও পান তারা। তবে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুল্ক দফতর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ২০২০ সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয় যে শুল্ক দফতরে হাজিরা দিতে হবে না।

আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন শুনানির শুরুতেই অভিবাসন দফতর কিছুটা সময় চেয়ে নেয়। আর তা শুনেই হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আইনজীবীকে কিছু প্রশ্ন করা হয়।

এদিন ডিভিশন বেঞ্চ প্রশ্ন রাখে, “দু’বছর ধরে তদন্ত করছেন। এবার তদন্ত শেষ করুন”। এও প্রশ্ন করা হয় যে শুল্ক দফতরকে রাজ্যের করা মামলায় কেন হয়রানি করা হচ্ছে? রাজ্য শুল্ক দফতরের বিরুদ্ধে যে মামলা করেছে, তার বর্তমান অবস্থা কী? এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ডিসেম্বরে।

RELATED Articles