গত বছরের নির্দেশই বহাল, এবছরও দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা, ‘নো এন্ট্রি’ পুজোমণ্ডপের সিদ্ধান্ত হাইকোর্টের

এবছরও দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শক। এবারও ‘নো এন্ট্রি’ পুজোমণ্ডপের সিদ্ধান্ততেই সায় দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত। রাজ্য সরকার হাইকোর্টে জানায় যে পুজোর ক্ষেত্রে আগের বছরের নিয়মই বহাল থাকবে। রাজ্য সরকারের এই হলফনামাকেই চূড়ান্ত বলে মেনে নিয়েছে হাইকোর্ট। এই একই নিষেধাজ্ঞা জারি থাকবে কালীপুজোতেও, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু গত বছর করোনা পরিস্থিতিতে এই পুজো নিয়ে নানান টালবাহানা। কীভাবে পুজো হবে, দর্শকরাই বা কীভাবে প্রতিমা দর্শন করবেন, এ নিয়ে আইনি জটিলতা কম ছিল না। তবে শেষ পর্যন্ত পুজোয় অনুমতি দেয় আদালত। তবে নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়।

এই গাইডলাইন মেনেই কলকাতা ও রাজ্যের নানান জায়গায় সম্পন্ন হয় পুজো। সম্পূর্ণ করোনা বিধি মেনেই পুজো করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সমস্ত ক্লাব ও পুজো উদ্যোক্তাদের। সরকারও নিজে এই সমস্ত নিয়ম মেনে চলার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিল। মণ্ডপে দর্শকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা।

রাজ্যের এমন ভূমিকায় বেশ খুশি হয়েছিল হাইকোর্ট। এই কারণে এই বছর পুজো সংক্রান্ত মামলা দায়ের হওয়ার পর আদালত রাজ্যের সিদ্ধান্ত জানতে চায়। এই কারণে, আজ, শুক্রবার রাজ্যের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয় যে গত বছর যে সমস্ত গাইডলাইন মেনে পুজো হয়েছিল, এই বছরও সেই একই নিয়ম জারি থাকবে। তা মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড় ক্লাবগুলির পুজোর ক্ষেত্রে ২৫ জন ক্লাব সদস্যের তালিকা তৈরি হবে। একমাত্র তারাই পুজোর আয়োজনের জন্য পুজোর মণ্ডপে ঢুকতে পারবেন। নির্দিষ্ট শারীরিক দূরত্ববিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে তবেই প্রবেশ করা যাবে মণ্ডপে।

অন্যদিকে, ছোটো ক্লাবের ক্ষেত্রে মণ্ডপে প্রবেশের জন্য ছাড় দেওয়া হবে ১৫ জনকে। প্রতিটি ক্লাবকেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা শীঘ্রই এই তালিকা তৈরি করে ফেলে। দর্শকরা নির্দিষ্ট দূরত্ব থেকে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। মণ্ডপের ভিতরে একেবারেই প্রবেশ নয় করা যাবে না।

RELATED Articles