এবার ফের আরও চাপের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। প্রথমেই ভুয়ো নিয়োগের কারণে ২৫ জনের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ, বৃহস্পতিবার নতুন করে ৫৪২ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ৫৪২ জনের নিয়োগ বেনিয়ম বলেই অভিযোগ উঠেছে। এদিন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে যেন বেতন বন্ধের নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশন।
এদিন ৫৪২ জনের নিয়োগে বেনিয়ম সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় কমিশনের হাতে। এই সমস্ত নথি খুটিয়ে দেখার পরই কঠোর পদক্ষেপ করা হবে। ২০১৯-এর ৪ মে’র পর যদি নিয়োগ সুপারিশ হয়ে থাকে এবং এর ভিত্তিতে যদি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকে, তবেই বেতন বন্ধ করতে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে যদি ভুয়ো নিয়োগের সপক্ষে প্রমাণ মেলে তবেই সংশ্লিষ্ট ডিআইদের বেতন বন্ধ করতে নির্দেশ দেবে এসএসসি।
বুধবার ডিভিশন বেঞ্চ যখন নির্দেশ দেয়, তখন মনে হয়েছিল সম্ভবত, সিঙ্গল বেঞ্চে মামলা থাকলে, কোনও পদক্ষেপ হবে না। কিন্তু এরই মধ্যে দেখা গেল যে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও ৫৪২ জনের নামের তালিকা জমা পড়েছে। এই নিয়োগ বেআইনি বলে দাবী মামলাকারীদের। এবার এদেরও বেতন বন্ধ হওয়ার পথে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ৫৪২ জনের মধ্যে কারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন এবং সরকারি বেতন পাচ্ছেন, তা খতিয়ে দেখবে কমিশন। এরপর সেই সংখ্যক চাকুরিজীবীর প্রত্যেকের বেতন বন্ধ করবেন সংশ্লিষ্ট ডিআই।
এর আগে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলা এখন ডিভিশন বেঞ্চে রয়েছে। এই মামলায় সিবিআইয়ের তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের ছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হয় গতকাল, বুধবার। তবে নতুন করে এই ৫৪২ জনের নিয়োগের ক্ষেত্রে আদালতের নির্দেশ ফের নতুন মোড় নিল।





