রামপুরহাটের বগটুইর গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের ভার নেওয়ার পর এবার হল প্রথম গ্রেফতারি। এই ঘটনার তদন্তে প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এই চারজনের মধ্যে দুজনের নাম হল সাবু শেখ ও বাপ্পা শেখ। সূত্রের খবর, এরা দুজনেই অভিযুক্ত লালন শেখের অন্যতম সহযোগী।
সিবিআই সূত্রের খবর অনুযায়ী, ধৃত চারজনের মধ্যে সাবু শেখ ও বাপ্পা শেখের নাম রয়েছে তাদের করা এফআইআরে। গত ২১শে মার্চ রাতে সোনা শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত তারা। এই ঘটনার পরদিনই ধৃতরা রামপুরহাট ছাড়ে। এরপর মুম্বইয়ে কর্মরত গ্রামের যুবকদের সাহায্যে মুম্বইয়ে হাজির হয় তারা। মোবাইলের টাওয়ার ট্র্যাক করে তাদের খোঁজ পেয়েছে সিবিআই।
গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ধৃতদের মুম্বই আদালতে পেশ করা হয়। এরপর তাদের ট্রানজিট রিম্যান্ডে নেওয়া হয়েছে বলে খবর। আগামীকাল, শুক্রবার ধৃতদের রামপুরহাট আনা হতে পারে বলে জানা গিয়েছে।
বগটুই গণহত্যাকাণ্ডের তদন্তে এই প্রথম গ্রেফতার করা হল সিবিআইয়ের তরফে। এর আগে এই ঘটনায় রাজ্য পুলিশ যাদের গ্রেফতার করেছিল, তাদের সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। তবে এদিনের সিবিআইয়ের এই গ্রেফতারির জেরে বগটুই গণহত্যাকাণ্ডের জট কিছুটা খুলবে বলেই আশা রাখছেন গোয়েন্দারা।





