নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে ফের একজন। বাগদার রঞ্জন তথা চন্দন মণ্ডলকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ, শুক্রবার তাকে নিজাম প্যালেসে ডেকে জেরা করেন আধিকারিকরা। কিন্তু তদন্তে অসহযোগিতা করেন তিনি। সেই কারণে গ্রেফতার করা হয় বাগদার রঞ্জনকে। তাকে আজই আলিপুর আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবী জানিয়েছে।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রথম উত্তর ২৪ পরগনার বাগদার ‘রঞ্জনে’র নাম প্রকাশ্যে আনেন। তিনি অভিযোগ করেছিলেন যে এই ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল চাকরি বিক্রি করছেন। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে রঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।
এরপর থেকে রঞ্জনকে সিবিআই একাধিকবার তলব করেছে। কিন্তু ‘রঞ্জন’ দাবী করেন যে উপেন বিশ্বাস নাকি ফাঁসিয়েছেন তাঁকে। তাঁর সঙ্গে এই দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবী করেন তিনি।
সিবিআইয়ের দাবী, নিয়োগ দুর্নীতি মামলায় দালাল অভিযোগে ধৃত প্রসন্ন রায়কে জেরা করেও এও ‘রঞ্জনে’র নাম উঠে এসেছে। প্রসন্ন ও রঞ্জনের মধ্যে যে যোগাযোগ ছিল, এর যথেষ্ট তথ্যও রয়েছে বলে খবর। কিন্তু রঞ্জনের দাবী, প্রসন্নের সঙ্গে তাঁর শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক ছিল আর কিছুই নয়।
কিন্ত উপেন বিশ্বাস কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনলেন, তা জানার জন্যই রঞ্জনকে বারবার জেরা করা সিবিআই। বেশ কিছু তথ্য ও নথি তুল ধরা হয় তাঁর সামনে। সিবিআইয়ের দাবী রঞ্জন বারবার সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই কারণে অবশেষে তাঁকে গ্রেফতার করে সিবিআই।





