আগেই গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে। এবার সিবিআইয়ের জালে শাহজাহানের ভাই আলমগীর-সহ আরও ২। গতকাল, শনিবার নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের তাদের গ্রেফতার করে সিবিআই। ইডির উপর হামলার মামলাতেই এই গ্রেফতার।
উল্লেখ্য, জানুয়ারি মাস থেকেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্দেশখালি। ৫ জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান। এরপর তাঁর উপর নারী নির্যাতন, জমি বাড়ি দখল, শ্লী’ল’তা’হা’নি-সহ একাধিক অভিযোগ করেন সন্দেশখালির মহিলারা। ৫৫ দিন পর শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আপাতত সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তিনি।
অভিযোগ ওঠে, শাহজাহানকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন তাঁর ভাই ও ঘনিষ্ঠরা। এমনকি, ৫ জানুয়ারি যারা ইডির উপর হামলা করেছিলেন, সেই শাহজাহানের অনুগামীদের উস্কানি দিয়েছিলেন আলমগীর-সহ শাহজাহানের সাঙ্গপাঙ্গরাও। সেই কারণেই তাদের নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই।
ইডির উপর হামলার ঘটনায় গত ১৫ মার্চ আলমগীর-সহ মোট ১৫জনকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। তবে সেদিন হাজিরা দেন নি তারা। আলমগীর সময় চেয়েছিলেন সিবিআইয়ের কাছে। এই তলবের তালিকায় ছিল সন্দেশখালি ব্লকের তৃণমূল ছাত্র পরিষেদের প্রেসিডেন্ট মাফুজার মোল্লা ও অপর এক তৃণমূল নেতা সিরাজুল মোল্লার নামও।
গতকাল, শনিবার ফের তলব করায় আলমগীর-সহ ৬ জন বেলা ১১টা নাগাদ হাজিরা দেন নিজাম প্যালেসে। এদিন প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় শাহজাহানের ভাই আলমগীর ও মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে।





