প্রভাবশালী তত্ত্বে খারিজ অনুব্রতর জামিনের আবেদন, পুজোটা এবার জেলেই কাটবে কেষ্টর

এবার দুর্গাপুজো হয়ত জেলেই কাটাতে হবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। ফের খারিজ হয়ে তাঁর জামিনের আবেদন। তিনি প্রভাবশালী ব্যক্তি, এই তত্ত্বে ফের তাঁর জামিনের আবেদন খারিজ করল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Court)। অনুব্রতর আইনজীবী জানান যে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তাঁর।  

আজ, বুধবার গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন সিবিআই দাবী করে যে অনুব্রত খুবই প্রভাবশালী ব্যক্তি। তিনি জেলে বসেও প্রভাব খাটাতে সক্ষম। আর তাঁর জামিন হলে তিনি তদন্তকে প্রভাবিত করবে। সেই কারণে অনুব্রতর আইনজীবী জামিনের আর্জি জানালেও তা ধোপে টেকে নি। এর জেরে পুজোর আগে জেলের বাইরে বেরোনোর কোনও সম্ভাবনাই থাকল না কেষ্টর। ১৪ দিনের জেল হেফাজত হল তাঁর।  

বলে রাখি, গত ১১ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তিনি ছিলেন সিবিআই হেফাজতে। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনেন সিবিআই আধিকারিকরা। তবে অনুব্রত জানিয়েছিলেন যে তিনি ১০০ শতাংশ তদন্তে সহযোগিতা করেছেন।

সিবিআই হেফাজতের পর সিবিআই আদালতে নির্দেশে জেল হেফাজত হয় তাঁর। আসানসোল সংশোধনাগারেই ছিলেন তিনি। এবার ফের তাঁর ঠাঁই হল সেই সংশোধনাগারেই।

RELATED Articles