গরু পাচারকাণ্ডে ফের মিলল লটারির হদিশ, বিপুল টাকার লটারি জেতেন গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল, জানাল সিবিআই

ফের একবার গরু পাচারকাণ্ডে লটারির হদিশ পেল সিবিআই। এবারের এই লটারির খোঁজ মিলল গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের নামে। জানা গিয়েছে, ২০১৭ সালে এনামুল একটি লটারি জিতেছিলেন। আর সেই লটারির পুরস্কার হিসেবে জিতেছিলেন ৫০ লক্ষ টাকা। গরু পাচার মামলায় তদন্তে নেমে এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার সময় লটারি জেতার বিষয়টি তদন্তকারী আধিকারিকদের সামনে আসে।

সিবিআইয়ের অনুমান, এনামুল এবং তাঁর পরিবারের সদস্যদের নামে আরও লটারির টিকিট থাকতে পারে। তাই এনামুলের পরিবারের সদস্যদের এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করতেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সিবিআই আধিকারিকারা তদন্ত করে এনামুলের স্ত্রীর নামেও একটি লটারি টিকিটের হদিশ পেয়েছেন বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, তা এখনও তদন্তের পর্যায়ে রয়েছে।

সিবিআই আধিকারিকরা আগেই সন্দেহ করেছিলেন যে গরু পাচারের কালো টাকা সাদা করার মাধ্যমই হচ্ছে এই লটারি। আর ঘটনাচক্রেও যাদের নাম গরু পাচার কাণ্ডে জড়িয়েছে, তাদের নামেই লটারি জেতার খোঁজ মিলছে। এই ঘটনা সম্পূর্ণ কাকতালীয় যে হতে পারে না, তেমনটাই দাবী সিবিআইয়ের।

বলে রাখি, এর আগে গরু পাচার মামলায় তদন্ত করতে গিয়ে পাঁচটি লটারির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এনামুলের লটারি নিয়ে মোট ষষ্ঠ লটারির হদিশ মিলল। এর আগে ইডি ও সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মণ্ডলের নামে দু’টি ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের নামে তিনটি লটারি জেতার হদিশ মিলেছে।

সিবিআই আগেই জানিয়েছিল যে চলতি বছর লটারির পুরস্কারবাবদ বিপুল টাকা ঢোকে অনুব্রত ও তাঁর মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বারবার লটারি জেতার নেপথ্যে সত্যিই কী ভাগ্যের জোর রয়েছে, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

RELATED Articles