ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। জানা যাচ্ছে, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) এদিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে সিবিআইয়ের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তদন্তকারীদের সঙ্গে মহিলারাও রয়েছেন বলে খবর।
আজ, শুক্রবার সকালে বোলপুরের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই অনুব্রত মণ্ডলের বাড়ির দিকে রওনা দেন সিবিআই আধিকারিকরা। তাদের মধ্যে এক মহিলা আধিকারিকও রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন বেলা ১২টার পর অনুব্রতর বাড়ি ঢোকেন সিবিআই আধিকারিকরা।
জানা যাচ্ছে যে আজই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জেরা করতে পারে সিবিআই। তাঁর নামে একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। সেই বিষয়েই জেরা করা হবে তাঁকে। রেকর্ড করা হবে তাঁর বয়ানও। তবে সুকন্যা আদতে জেরায় রাজি হবেন কী না, সেটাই বড় প্রশ্ন।
বলে রাখি, গত ১১ই আগস্ট গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। এরপর ১৭ই আগস্ট ফের অনুব্রতর বাড়ি যান সিবিআই আধিকারিকরা। সেই সময় অনুব্রতর সম্পত্তির খোঁজ করতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামও উঠে আসে। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। পেশায় শিক্ষিকা সুকন্যার এত বিপুল সম্পত্তি কীভাবে এল, তা নিয়ে জেরা করার সিদ্ধান্ত নেয় সিবিআই।
কিন্তু সেই সময় সিবিআইকে সহযোগিতা করেন নি সুকন্যা। তিনি জানান যে তিনি সদ্য মাকে হারিয়েছেন, তাঁর বাবা জেল হেফাজতে রয়েছেন। তাই তিনি কথা বলবেন না। এরপর প্রায় ১ মাস কেটে গিয়েছে। এর মধ্যে আরও অনেক তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। আজ ফের অনুব্রত মণ্ডলের কন্যাকে জেরার সম্ভাবনা রয়েছে। বলে রাখি, বর্তমানে অনুব্রত মণ্ডল রয়েছেন আসানসোল জেলে।





