সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়! সেই পন্থাই এবার অবলম্বন করার পথে সিবিআই। ঘুরপথে রেশন দুর্নীতির তদন্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির উপর হামলার ঘটনার মাধ্যমেই রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত পৌঁছতে চাইছে সিবিআই।
এই রেশন দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখাকে দেওয়া হয়েছে দিল্লির তরফে। এই দুর্নীতিতে সিবিআই এখনও পর্যন্ত কোনও পৃথক মামলা দায়ের করে নি। হাইকোর্টের তরফেও তেমন কোনও নির্দেশ আসে নি এখনও পর্যন্ত। সেই কারণেই এবার ঘুরপথে এই দুর্নীতির গোড়া পর্যন্ত পৌঁছতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি।
ইডি আদালতে দাবী করেছে, শেখ শাহজাহানই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা পাচার করতে সাহায্য করেছে। আরসেই কারণেই ইডি যখন শাহজাহানের বাড়ি তদন্তে যায়, তখন তাদের উপর হামলা করা হয়েছিল। সেই কারণে এবার শাহজাহানের মাধ্যমেই প্রাক্তন খাদ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে চাইছে সিবিআই।
বলে রাখি, গত ৫ জানুয়ারি ইডি সন্দেশখালি যায় শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে। সেই সময় শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়তে হয় তাদের। সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় শাহজাহান। এরপর তাঁর বিরুদ্ধে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা।
শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে জমিবাড়ি জোর করে দখল, নারী নির্যাতন, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় উত্তম সর্দার, শিবু হাজরাদের। ইডির উপর হামলার প্রায় ৫৫ দিন পর গ্রেফতার করা হয় শাহজাহানকে। আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। সম্প্রতি শাহজাহানের ভাই ও আরও তিন ঘনিষ্ঠদের গ্রেফতার করেছে সিবিআই।





