রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে চলছে আন্দোলন। এসবের মাঝেই এবার আরও ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গতকাল, শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পেনশনভোগীরাও এই নতুন সুবিধা পাবেন।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পান। এবার ডিএ বাড়ানোর ফলে তা গিয়ে দাঁড়াল ৪২ শতাংশে। এর ফলে ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ২০২৩-এর ১লা জানুয়ারি থেকেই এই বর্ধিত হারে ডিএ লাগু হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডিএ পাবেন এরিয়ার আকারে। এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যে ফারাক আরও বেড়ে গেল। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র পার্থক্য গিয়ে দাঁড়াল ৩৬ শতাংশে।
তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা দুঃসংবাদও রয়েছে বটে। এদিন কেন্দ্র সরকারিভাবে জানিয়ে দেয় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৮ মাসের বকেয়া ডিএ আর পাবেন না। বলে রাখি, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত করোনা কালে বন্ধ রাখা হয়েছিল ডিএ দেওয়া। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে সেই বকেয়া আর দেওয়া হবে না।
এদিকে, কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ যে আরও বেড়েছে, তা বেশ স্পষ্ট। ধর্মতলায় ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামীদিনের তাদের আন্দোলন আরও তীব্র হবে। তাদের অভিযোগ, রাজ্য তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এই নিয়ে প্রতিবাদ গড়ে তুলতে রাজ্য সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ৩০ মার্চ ধর্মতলায় সমাবেশ করবেন তারা।





