কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে তত্ত্বাবধানে, তড়িঘড়ি নানান প্রকল্পের নাম রাজ্য সরকার থেকে পাল্টে কেন্দ্র সরকারের নামে করা হল আলিপুরদুয়ারে

বারবার বিরোধীরা অভিযোগ তুলে এসেছে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রক্লপগুলির নাম বদলে নিজেদের নামে চালাচ্ছে। এবার সেই সমস্ত প্রকল্পগুলি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এরপরই ব্যস্ততা লক্ষ্য করা গেল আলিপুরদুয়ার জেলায়। নানান জায়গায় রাজ্যের নানান প্রকল্পের নাম বদলে তা কেন্দ্রীয় প্রকল্প করা হচ্ছে। তাহলে এবার যেন সত্যিই প্রমাণিত হল যে বিরোধীদের অভিযোগ খুব একটা মিথ্যে নয়।

গতকাল, সোমবার থেকে আগামী চারদিন ধরে আলিপুরদুয়ারের নানান পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই কারণে পঞ্চায়েতগুলিতে জোরকদমে কাজ চলছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ১০০ দিনের কাজ প্রভৃতি খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল।

যে সমস্ত প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে তাতে কোনও রকমের গরমিল পেলে সমস্ত কিছু খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে এই প্রতিনিধি দল। এছাড়া নাম বদলে কেন্দ্রীয় প্রকল্পের বদলে রাজ্যের প্রকল্প করা হলে সে ক্ষেত্রে বরাদ্দ বাতিল হওয়ারও আশঙ্কা রয়েছে। সেই কারণে দ্রুত গতিতে সাইনবোর্ড পাল্টে দেওয়ার কাজ চলছে।

যদিও আলিপুরদুয়ারের জেলাশাসক সুবেন্দ্র কুমার মিনা এই বিষয়ে কিছু বলতে চান নি। তবে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিনাল কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, “কেন্দ্রীয় প্রতিনিধি দল আসলে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ নিয়ে অভিযোগ জানানো হবে”।

উল্লেখ্য, এর আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নানান প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী জল যোজনা মিশন প্রভৃতি নিয়ে অভিযোগ করে বলেছিলেন যে রাজ্য সরকার এই সমস্ত প্রকল্পের নাম বদলে নিজেদের নামে চালাচ্ছে। এই নিয়ে অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন তিনি। এই সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

RELATED Articles