করোনার প্রভাবে চিন্তিত গোটা দেশের প্রশাসন থেকে আম জনতা। কেন্দ্র ও রাজ্য প্রশাসন প্রতিটি মুহূর্তে চেষ্টা করে চলেছে এই মারণ রোগকে আটকানোর। রাজ্যে গত সোমবারই করোনা আক্রান্ত জেলাগুলো পরিদর্শনে এসে পৌঁছেছে জোড়া কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা জানায় তাদের একটি দল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উওর ২৪ পরগনা ঘুরে দেখবে এবং অপর একটি দল পারি দেবে উত্তরবঙ্গের জেলাগুলোতে।
পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শনে পৌঁছন তারা। রবিবার উত্তরবঙ্গে চতুর্থ দফায় পরিদর্শনে বেরোন প্রতিনিধি দলের সদস্যরা। খাপড়াইলের নিউ চামটা চা-বাগান, শিলিগুড়ির বিধান মার্কেট এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে সবজি বাজার পরিদর্শন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বাজারগুলোতে নজরদারি চালানোর কেউ নেই, স্থানীয় প্রশাসনও যেন এই বিষয়ে উদাসীন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় দলের চেয়ারম্যান বিনীত জোশী। পাশাপাশি এলাকাগুলির মানুষের মধ্যে অসচেতনতা রয়েছে বলে জানান তিনি। রাজ্য সরকারের কাছে তিনি সহযোগিতার আবেদন করেন এবং করোনা পরিস্থিতিকে আরও বেশি গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
পাশাপাশি ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। লকডাউনে কেন্দ্রের নির্দেশ মেনে চলা হচ্ছে কি না, সেই বিষয়েও খোঁজ খবর চালান। বাজারগুলিতে সচেতনতার অভাব নিয়ে আগেও রাজ্য সরকারকে অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এবার স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়েও সরব হয়েছেন তাঁরা। বিনীত জোশী করোনা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার জন্য রাজ্যকে পরামর্শ দেন।





