আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই মর্মে লাগাতার রাজ্য সরকারকে বাক্যবাণে বিদ্ধ করছিল বিরোধীরা। আর এবার দুর্নীতি হয়েছে প্রায় স্বীকার করে নিয়েই আর্থিক দুর্নীতি আটকাতে পঞ্চায়েত স্তরে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিয়ে দলবাজি তিনি সহ্য করবেন না বুধবারই তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তাই এবার দুর্নীতি রুখতে এবার গ্ৰাম পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য।
বৃহস্পতিবার নবান্ন থেকে প্রত্যেক জেলার জেলা শাসকের কাছে নির্দিেশ পৌঁছেছে যে গ্ৰাম পঞ্চায়েতে কমিটি গঠন করতে হবে। যে কমিটি যাচাই করে দেখবে যেসব উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে তাঁরাই প্রকৃত উপভোক্তা কি না! কমিটিতে থাকবেন এক জন গ্রাম পঞ্চায়েত সদস্য, বিডিও-র প্রতিনিধি, একজন সরকারি আধিকারিক। এছাড়াও চাইলে বিরোধী দলের কোনও প্রতিনিধিকে কমিটিতে রাখা যাবে।
সাতদিনের মধ্যে কমিটির প্রতিনিধিদের সঠিক তালিকা তৈরি করে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় স্বজনপোষন করা হলে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।





