মানুষের মনোবল বাড়াতে এবার নিজের সৃষ্টি নিয়ে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার আবহে বিধ্বস্ত যুব সমাজকে অনুপ্রাণিত করতে নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও বহু পরিস্থিতিতে তিনি কবিতা, গান ও গদ্য লিখেছেন। সংকটের সময় মানুষকে উজ্জীবিত করতে বারবার তিনি নানা বিষয়ে গান বেঁধেছেন। এছাড়া জনসাধারণের মধ্যে প্রতিবাদী প্রতিক্রিয়া জাগাতে গান বেঁধেছেন মমতা। সম্প্রতি সেই পথেই নতুন সংযোজন হল আরও একটি গান।
নিজের ফেসবুক ওয়ালে নতুন গানটি তুলে ধরেছেন জননেত্রী। মমতা জানিয়েছেন, ‘যৌবন জাগো নতুন ভোরে গানটি তাঁর সাম্প্রতিক রচনা।’ গানের প্রতিটি শব্দ তিনি যুবসম্প্রদায়কে উদ্বুদ্ধ করার জন্য লিখেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই গানে সুর দিয়েছেন সংগীত নির্মাতা দেবজ্যোতি বসু। গানটি গেয়েছেন ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-তে অংশগ্রহণকারী শিল্পীরা। এছাড়া সমবেত কণ্ঠে গলা মিলিয়েছেন ছয় জেলার অন্যান্য শিল্পীরাও। মুখ্যমন্ত্রীর এই সৃষ্টি অনেক মানুষকেই করোনার সাথে লড়াই করার শক্তি দেবে।





