আবারও শীতের আমেজ! ফেব্রুয়ারির শেষে কলকাতা-উত্তরবঙ্গে কমবে তাপমাত্রা! কি বলছে আবহাওয়া দপ্তর?

বাংলার (Bengal) আবহাওয়া যেন রীতিমতো খামখেয়ালি! কখনও প্রচণ্ড শীত, তো কখনও হালকা গরমের অনুভূতি। বছরের শুরুতে কনকনে ঠান্ডা থাকার পর, ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে গিয়েছে। কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের বেলায় রোদের তেজ বাড়ছে, রাতের দিকে অবশ্য ঠান্ডার আমেজ কিছুটা টিকে থাকছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। বরং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে আবারও এক ধাক্কায় তাপমাত্রা নামতে চলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঠান্ডার অনুভূতি বাড়বে। আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন এই তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু সপ্তাহান্তে, বিশেষ করে শনিবার থেকে পারদ নামতে পারে আরও ২-৩ ডিগ্রি। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমবে।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব।

উত্তরবঙ্গে আগামী দু’দিন আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না, তবে সপ্তাহের শেষের দিকে পারদ বেশ কিছুটা কমতে পারে। বিশেষত দার্জিলিং, কালিম্পং-এ পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, কোচবিহার ও জলপাইগুড়িতে সকালে কুয়াশার প্রভাব থাকতে পারে। যদিও, বাংলার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই তাপমাত্রা কমলেও, মার্চের শুরু থেকেই ধীরে ধীরে গরমের প্রকোপ বাড়বে। তাই যারা শীত ভালোবাসেন, তাদের জন্য এটাই শেষ সুযোগ কিছুটা ঠান্ডা অনুভব করার। তবে বড় প্রশ্ন হলো—এই সাময়িক ঠান্ডা কি আরেক দফা শীতের কামব্যাক নাকি শুধুই সাময়িক পরিবর্তন?

আরও পড়ুনঃ মাত্র ২০ বছর বয়সে প্রধান পুরোহিত! প্রয়াত রাম মন্দিরের প্রধান পুরোহিত!

মোটের উপর, আগামী সাতদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের দু’টি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের মতে, দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও, রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে। ফলে যারা শীতের বিদায়ে মন খারাপ করছিলেন, তাদের জন্য সুখবর! কারণ চলতি সপ্তাহের শেষে আবারও বাংলায় ফিরছে শীতের হালকা আমেজ!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর