বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এক কলেজছাত্র। আচমকা পাঁচ যুবক আসে, কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই রিভলবার বার করে পাঁচটি গুলি করা হয় ওই কলেজ ছাত্রকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শুক্রবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৌফিক ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। সেইসময় কয়েকজন যুবক বাইকে আসে তাঁর বাড়ির সামনে। তারা কথাবার্তা বলা শুরু করে। এরপরে ধীরে ধীরে ব্যাপারটা কথা কাটাকাটির পর্যায়ে পৌঁছে যায়।
স্থানীয় বাসিন্দারা ব্যাপারটা প্রথমে সাধারণ ভেবে খুব একটা আমল দেননি। অভিযোগ, এরপর আচমকাই যারা কথা বলতে এসেছিল তারা বন্দুক বার করে পরপর পাঁচটি গুলি করে তৌফিকের বুকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তৌফিক। বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় ‘ভালো ছেলে’ বলে পরিচিত তৌফিক। তাঁর সঙ্গে এরকম কেন ঘটল তা বুঝতে পারছেন না পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা। এলাকায় কোনো দুষ্কর্মের প্রতিবাদ করেছিল তৌফিক, তার জেরেই তাঁর এই মর্মান্তিক পরিণতি বলে মনে করছেন সকলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





