‘মুখ্যমন্ত্রী নিজে কেন যাচ্ছেন না সন্দেশখালি? কেন শুনছেন না অত্যাচারিত মহিলাদের কথা?’ মমতাকে কটাক্ষ অধীরের

লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল, কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি মিলে জোট তৈরি করলেও, বাংলায় যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোট হবে না, তা বেশ স্পষ্ট। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্দেশখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিজে কেন যাচ্ছেন না সন্দেশখালি? কেন শুনছেন না অত্যাচারিত মহিলাদের কথা?

কী বলছেন অধীর চৌধুরী?

বিগত কয়েকদিন ধরে আগুন জ্বলছে সন্দেশখালিতে। সেখানকার মহিলারা অভিযোগ তুলেছেন শেখ শাহজাহান, ও তাঁর দুই সাগরেদ উত্তর সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে। মহিলাদের শ্লী’ল’তা’হা’নি, শারীরিক অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় হাতে লাঠি, বাঁশ নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। এই ঘটনায় পুলিশের উপর ক্ষোভ বর্ষণ করে অধীর চৌধুরী বলেন, “পুলিশ এখানে দেখাচ্ছে যেন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে। আর সন্দেশখালির আপদগুলিকে ধরতে পারে না”।

মমতাকে কটাক্ষ অধীরের

সন্দেশখালি ঘটনার পর মুখ্যমন্ত্রী এক সভা থেকে জানিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনি নিজে একবার এলাকা বা পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান নি। সেই নিয়েই মমতাকে কটাক্ষ শানিয়ে অধীর বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান। আপনি তো একজন মহিলা। আপনি ওখানে গিয়ে মহিলাদের কাছে শুনুন। কেমন করে আপনার দলের লোকেরা অত্যাচার চালিয়েছে তাঁদের উপর। তাঁদের মুখ থেকে গিয়ে শুনে আসুন”।

এদিকে তৃণমূলের দাবী সন্দেশখালিকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাইছে বিরোধীরা। এই নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ কোনও আন্দোলন, বিক্ষোভ করেননি। দু’‌একজন মানুষ যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে সন্দেশখালির বাসিন্দারা আওয়াজ তুলেছেন। বিজেপি ওখানে গিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে গুন্ডামি করেছে। পুলিশের উপর আক্রমণ করেছে”।

সন্দেশখালির ঘটনা নিয়ে আওয়াজ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে রাজভবন অভিযান করে রাজ্যপালের হস্তক্ষেপের দাবী তুলেছিলেন। সন্দেশখালির ঘটনায় রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পরিস্থিতি পরিদর্শনেও যাচ্ছেন তিনি।      

আরও অন্যান্য খবর