আজ কলকাতা আসার পথে উলুবেড়িয়ার (Uluberia) নানা এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কিন্তু সেখানে জারি রয়েছে ১৪৪ ধারা। এই কারণে আজ, রবিবার সকালেই কাঁথি থানার (Contai Police Station) তরফে একটি নোটিশ পাঠিয়ে শুভেন্দুকে বলা হল, ‘হাওড়ার গ্রামীণ এলাকায় যাবেন না’। তাছাড়া, রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনীও (police force) মোতায়েন রয়েছে বলে খবর।
আজ, রবিবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কাঁথি থানার তরফে নোটিশ পাঠানো হয় তাঁকে। সেই নোটিশে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে এদিন গ্রামীণ হাওড়া এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।
সেই কারণে আপাতত রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিশ পরামর্শ দিচ্ছে যাতে তিনি ওই এলাকায় না যান। এর পাশাপাশি, শুভেন্দুর নিরাপত্তা নিয়েও বিশেষ নির্দেশ রয়েছে কলকাতা হাই কোর্টের তরফে। সে কথাও চিঠিতে মনে করিয়ে দিয়েছে পুলিশ। তবে শুভেন্দু আদৌ কী করবেন, তা অবশ্য এখনও জানা যায়নি।

বিজেপি সূত্রে খবর, আজ দুপুরে শুভেন্দু যাবেন বিজেপি বিধায়ক অশোক দিন্দার বাড়ি। সেখানে পারিবারিক অনুষ্ঠান রয়েছে। সেখান থেকেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। জানা গিয়েছিল, কলকাতায় আসার পথেই শুভেন্দু উলুবেড়িয়ায় যাবেন। কিন্তু এখন পুলিশি নিষেধের পএ শুভেন্দু কী করবেন, সেটাই দেখার।
গত কয়েকদিন ধরেই হাওড়ার নানান এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে গোটা বাংলা উত্তপ্ত। গতকাল, শনিবারই সেখানকার পুড়ে যাওয়া বিজেপির দলীয় কার্যালয় পরিদর্শনে যান দিলীপ ঘোষ ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়া যেতে চাইলে তাঁকে আটকায় পুলিশ। হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজার কাছ থেকে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। এরপর এবার শুভেন্দু অধিকারীকেও হাওড়া না যাওয়ার ‘পরামর্শ’ দিল কাঁথি থানার পুলিশ।





